নবীগঞ্জে দুই যুগেও হয়নি পৌরসভার নিজস্ব ভবন
- Update Time : ০৪:০০:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০১৯
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: প্রায় দুই যুগ অতিবাহিত হলেও হয়নি হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভার নিজস্ব ভবন। ফলে উপজেলা পরিষদের পরিত্যক্ত ভবনে চলছে সকল কার্যক্রম। এ নিয়ে পৌরসভার নাগরিকদের মধ্যে রয়েছে ক্ষোভ।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রথম শ্রেণীর খেতাবপ্রাপ্ত অবস্থানে রয়েছে এ পৌরসভা। পৌরসভায় মোট জনসংখ্যা ৩২ হাজার ৫৮৬ জন। এর মধ্যে পুরুষ ১৬ হাজার ৮শ ৫১ জন এবং নারী ১৫ হাজার ৭শ ৩৫ জন। এ পৌরসভায় রয়েছে দুটি কলেজ। এগুলো হচ্ছে, নবীগঞ্জ সরকারি কলেজ ও উইমেন্স আইডিয়াল কলেজ। ১টি সরকারি, ৪টি এমপি ভুক্ত, ২টি নন এমপিও ভুক্ত উচ্চ বিদ্যালয় রয়েছে। দর্শনীয় ও বৈশিষ্ট্যপূর্ণ স্থানের মধ্যে রয়েছে নবীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার, স্মৃতিসৌধ, নবীগঞ্জ সরকারি কলেজ। আয়তনে নবীগঞ্জ পৌরসভা ৯.০৭ বর্গ কিলোমিটার।
গুরুত্বপূর্ণ এ পৌরসভার নিজস্ব ভবন নেই শুনতেও যেন অবাক লাগে। আরও কয়েক মাস পরই ২৫ বছরে পা রাখবে পৌরসভাটি। এখন পর্যন্ত নিজস্ব কোনো ভবন নির্মাণ করতে পারেননি নির্বাচিত জনপ্রতিনিধিরা। ২৫ বছর ধরেও কেন হচ্ছে না পৌর নিজস্ব ভবন প্রশ্ন উঠছে শহরবাসীর কাছে। পৌরসভার নাগরিকগণ মনে করেন, দায়িত্বশীল কর্তৃপক্ষে অদক্ষতার কারনেই এমনটা হয়েছে।
এব্যাপারে চলতি বছরের গত ৩০ জুন নবীগঞ্জ পৌরসভার ২০১৯-২০২০ অর্থ বছরের বাজেট অধিবেশনে পৌরসভার নিজস্ব ভবন নিয়ে প্রশ্ন উঠলে মেয়র ছাবির আহমেদ বলেন-আসলে এটা খুবই দুঃখজনক বিষয়। পৌরসভার নিজস্ব ভবন নির্মাণের জন্য চলতি অর্থ বছরের বাজেটে বিষয়টি এনেছেন। আশা করছেন এ বাজেটেই পৌরসভার ভবন নির্মাণের জন্য কাজ শুরু হবে। মেয়র আরও বলেন, এ বিষয়টি কৌশলগত কারনে এখন বলা যাচ্ছে না।





























