নবীগঞ্জে গৃহবধূ হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ
- Update Time : ০৮:২৮:২৩ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: হবিগঞ্জের নবীগঞ্জে এক গৃহবধূকে হত্যার অভিযোগ এবং খুনিদের ফাঁসির দাবিতে ৪ গ্রামের উদ্যোগে এক বিশাল মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টায় নবীগঞ্জ উপজেলার শেরপুর-নবীগঞ্জ সড়কের কুর্শি পয়েন্টে এই কর্মসূচি পালিত হয়। গ্রামবাসীরা হুঁশিয়ারি দিয়েছেন যে, দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করা হবে। মানববন্ধনে নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের কুর্শি, সাটকাপন, নোয়াগাঁও এবং ফুটারমাটি গ্রামের নারী-পুরুষ ব্যানার হাতে অংশ নেন। এতে বক্তব্য রাখেন নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. সরওয়ার শিকদার, শ্রমিক নেতা জামাল আহমদ, কুর্শি গ্রামের বিশিষ্ট মুরব্বি গুলেমান খান, কাহার চৌধুরী, নাইম চৌধুরী, জিলাদ মিয়া, ফাহিম চৌধুরী, মাজউদ্দিন, নাজিম উদ্দিন, ষাটকাহন গ্রামের হারুন চৌধুরী, ফুটারমাটি গ্রামের রব্বুল মিয়া, নুনু মিয়া, ছনর মিয়া, কবির মিয়া, অভিনাশ সুত্রধর, রায়পুর গ্রামের সুমন মিয়া, ফুরুক মিয়া এবং নোয়াগাঁও গ্রামের পঙ্কি মিয়াসহ আরও অনেকে। বক্তারা জানান, ১৮ আগস্ট বিকাল সাড়ে ৪টায় উপজেলার জালালসাপ গ্রামের হোসেন মিয়ার স্ত্রী সালামার ঝুলন্ত লাশ তার স্বামীর বাড়ি থেকে রহস্যজনকভাবে উদ্ধার করে পুলিশ। গৃহবধূর বাবার বাড়ি কুর্শি গ্রামের লোকজন এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে অভিযোগ করছেন। এই ঘটনায় হবিগঞ্জ আদালতে গৃহবধূকে হত্যার অভিযোগে ১১ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। এই হত্যাকাণ্ডের প্রতিবাদেই গতকাল এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।



























