নবীগঞ্জে একরাতে ৪টি দোকানে দুঃসাহসিক চুরি সংঘটিত
- Update Time : ০৩:৪৪:১৬ অপরাহ্ন, শনিবার, ৩১ জুলাই ২০২১
- / ৩ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের দেওপাড়া স’মিল সংলগ্ন জনতার বাজারে বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে ৪ টি দোকানে দুঃসাহসিক চুরি সংঘটিত হওয়ার খবর পাওয়া গেছে। চুরি যাওয়া দোকানের ব্যবসায়ীরা জানান, প্রতিদিনের ন্যায় ব্যবসায়ীরা কাজ শেষে দোকান বন্ধ করে যার যার বাড়িতে চলে যান। পরদিন সকালে দোকানে এসে তারা দেখেন তালা ভাঙ্গা এবং দোকানের মালামাল ঠিক নেই। অজ্ঞাত চোরেরা ওই বাজারের বেঙ্গল ফুডের ডিলার মো. পারভেজ মিয়ার পারভেজ এন্ড ফয়েজ স্ন্যাকসের প্রায় ৭ লক্ষ টাকার বিভিন্ন মালামাল নিয়ে গেছে। এছাড়া মো. নূর মিয়ার নূর এন্টারপ্রাইজ থেকে একটি মোবাইল সেট ও নগদ টাকা, আকিজ গ্রুপের পন্য বিক্রেতা এস.পি হাবিবের দোকান থেকে প্রায় ৭০ হাজার টাকার সিগারেট ও মো. ফয়জুর রহমানের মালিকানাধীন শুকরিয়া টেলিকম থেকে একটি আই ফোন, নগদ টাকা ও বিভিন্ন মোবাইল সামগ্রী চুরি করে নিয়ে যায়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা শুক্রবার পুলিশকে ঘটনা জানালে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের এএসআই মো. হান্নানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।





























