নবীগঞ্জে আ.লীগ-বিএনপির উত্তেজনা ১৪৪ ধারা জারি
- Update Time : ০১:২৯:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: হবিগঞ্জের নবীগঞ্জে একই দিনে আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে টান টান উত্তেজনা বিরাজ করছে। এতে রয়েছে সংঘর্ষের আশঙ্কা রয়েছে। এদিকে নবীগঞ্জ পৌর বিএনপি ও আওয়ামী লীগের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে নবীগঞ্জ পৌরসভার নতুন বাজার (গাজীর টেক) ও গোল্ডেন প্লাজা মার্কেট এর আশেপাশের এলাকায় সংঘর্ষ, মারামারি ও দাঙ্গা-হাঙ্গামা, পারিপার্শ্বিক পরিবেশ ও শান্তি-শৃঙ্খলা অবনতি হওয়ার আশংকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহিউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শুক্রবার সকাল ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৩টায় নবীগঞ্জ পৌর আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
জানা যায়- আজ শুক্রবার বিকেল ৩টার দিকে জ্বালানি তেল, পরিবহনের ভাড়া বৃদ্ধি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও বিএনপির দুই কর্মী নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নবীগঞ্জ পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই কর্মসূচি সফল করতে মাসব্যাপী পৌরসভার ৯টি ওয়ার্ডে পৃথক পৃথক আলোচনা সভা করে আসছিল বিএনপি। একই সময়ে সারাদেশে বিএনপি-জামাতের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে নবীগঞ্জ পৌর আওয়ামী লীগ। বিক্ষোভ সমাবেশকে সফল করতে অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নতুন বাজার মোড়ে উপস্থিত হওয়ার আহবান জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) আওয়ামী লীগের নেতাকর্মীদের ফেসবুকে পোস্টের মাধ্যমে আওয়ামীলীগের বিক্ষোভ সমাবেশের বিষয়টি প্রকাশ্যে আসে। যদিও বিক্ষোভ সমাবেশ দিন-তারিখ সময় পূর্বনির্ধারিত বলে জানিয়েছে আওয়ামী লীগ। এদিকে আওয়ামী লীগ-বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। সাধারণ মানুষের মধ্যেও রয়েছে আতঙ্ক-উৎকণ্ঠা। দুই রাজনৈতিক দলের বিক্ষোভ সমাবেশকে কেন্দ্রে করে রয়েছে সংঘর্ষের আশঙ্কাও।



























