ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে একজন গ্রেফতার
- Update Time : ০৭:২১:১১ অপরাহ্ন, সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে সাগর আহম্মেদ নামে ১ জনকে গ্রেফতার করেছে র্যাব-১১। এ সময় তার কাছ থেকে ১টি মোবাইল ফোন, ২ টি সীম কার্ড ও ধর্ষণের ভিডিও জব্দ করা হয়। সোমবার দুপুরে এই তথ্য জানিয়েছেন র্যাব-১১ এর নরসিংদী ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মোঃ শামীম হোসেন। গ্রেফতারকৃত সাগর আহম্মেদ (২৭) কুমিল্লা জেলার কোম্পানীগঞ্জ থানার বাইয়রা এলাকার মোঃ শফিকুল ইসলামের ছেলে। সে নরসিংদী শহরের বৌয়াকুড় মহল্লার আলমগীরের বাড়ির ভাড়াটিয়া। র্যাব-১১ জানান, সাগর আহম্মেদ ফেইসবুকে নরসিংদীতে বসবাসকারী এক তরুণীর সাথে ভুয়া প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে চলতি বছরের ১১ জানুয়ারির পর থেকে ওই তরুণীকে একাধিকবার ধর্ষণ এবং ধর্ষণের দুটি নগ্ন ভিডিও তৈরি করে। এরপর যৌন সম্পর্ক না রাখলে নগ্ন ছবি ও ভিডিও ব্যাপকভাবে প্রকাশ্যে আনার হুমকি দেয়। পরে ফেইসবুকে একটি ভুয়া আইডি তৈরি করে ওই তরুণীর কিছু নগ্ন ছবি আপলোড করে। ফোনে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করার ভয় দেখিয়ে সর্বশেষ গত ১৩ ডিসেম্বর সকাল সাড়ে ১১টায় ওই তরুণীকে ধর্ষণ করে সাগর আহম্মেদ। এসব ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন ওই তরুণী। এই ঘটনায় নির্যাতিতা তরুনী বাদী হয়ে নরসিংদী সদর থানায় নারী নির্যাতন দমন আইনে মামলা করেন। পরে রোববার দুপুরে নরসিংদী শহরের বৌয়াকুড় স্টেশন রোড এলাকা থেকে সাগরকে গ্রেফতার করে র্যাব-১১। র্যাব-১১ এর নরসিংদী ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মোঃ শামীম হোসেন বলেন, অনেক মেয়ের সঙ্গে সাগরের অবৈধ সম্পর্ক রয়েছে। মামলার জের ধরে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের মাধ্যমে শহরের স্টেশন রোড থেকে তাকে গ্রেফতার করে থানায় হস্তান্তর করা হয়েছে।

























