ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ নেতা কারাগারে
- Update Time : ১২:৪৮:১৬ অপরাহ্ন, বুধবার, ১ মার্চ ২০২৩
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে তাজিম আহমেদ ফারছু (২০) নামের এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার কাজিরখিল গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। তাজিম আহমেদ ফারছুর বাড়ি উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের কাজিরখিল গ্রামে। তিনি সাটিয়াজুরী ইউনিয়ন ছাত্রলীগের কর্মী বলে নিশ্চিত করেছেন একই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দাদুর রহমান আব্দাল। পুলিশ জানায়, প্রতিবন্ধী মেয়েটিকে ৩–৪ মাস ধরে বিভিন্ন স্থানে নিয়ে ধর্ষণ করে ফারছু। ফলে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পরে। বিষয়টি পরিবার জানতে পেরে ফারছুর পরিবারকে বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু তাঁর পরিবার সম্মতি না দেওয়ার মেয়ের বাবা সোমবার সকালে চুনারুঘাট থানায় মামলা করেন। মামলার পরপরই পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সোমবার মধ্যে রাতে নিজ বাড়ি থেকে আসামিকে গ্রেফতার করে। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার সকালে ধর্ষণের অভিযোগে প্রতিবন্ধী মেয়ের পিতা চুনারুঘাট থানায় একটি ধর্ষণ মামলা করেন। মামলার দিন রাতেই অভিযান চালিয়ে আসামি ফারছুকে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।























