দেশে ডলারের দাম বাড়ছে
- Update Time : ০৬:১৫:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: দেশের রপ্তানি কার্যক্রমে ধস নেমেছে করোনাভাইরাস নামের অদৃশ্য দৈত্যের ছোবলে। যত বিপর্যয় হোক জীবন যেহেতু থেমে থাকে না সেহেতু ভোগ্যপণ্যের আমদানি সমানে চলছে। আমদানি হচ্ছে মূলধনি পণ্য। ফলে প্রতিদিনই দাম বাড়ছে ডলারের। বিভিন্ন ব্যাংকে ডলার বিক্রি হচ্ছে সর্বোচ্চ ৮৮ টাকা পর্যন্ত, যা এক মাস আগেও ছিল ৮৬ টাকায়।
আমদানি দায় পরিশোধে বাড়তি মূল্যে ডলার কিনতে গিয়ে আমদানিকারকদের বাড়তি অর্থ গুনতে হচ্ছে। কিছু ব্যাংক সংকটের কারণে খুচরা বাজার থেকে ডলার কিনছে। বাংলাদেশ ব্যাংক বাজারের চাহিদা মেটাতে ব্যাংকগুলোর কাছে ডলার বিক্রি করলেও সংকট কমছে না। চলতি অর্থবছরের শুরু থেকে রপ্তানি কম।
করোনাভাইরাসের কারণে ধস নেমেছে। রেমিট্যান্স প্রবাহও কমে গেছে। তার পরও পরিশোধ করতে হচ্ছে আমদানি ব্যয়।
করোনাকবলিত সময়ে দেশের রপ্তানি আয়ে বিপর্যয় নেমে আসায় লাখ লাখ মানুষের জীবিকা অনিশ্চিত হয়ে উঠেছে। রপ্তানিতে মহাধস নামায় আমদানিকৃত পণ্যের দায় পরিশোধে জটিলতা সৃষ্টি হচ্ছে। সন্দেহ নেই, বাংলাদেশের রিজার্ভের অবস্থা বেশ ভালো। কিন্তু দুই মাস সারা দেশ লকডাউনের পর সংকট দীর্ঘায়িত হলে তা অর্থনীতির জন্য বিসংবাদ হয়ে দেখা দেবে। দীর্ঘদিন ধরে ডলারের বিপরীতে টাকার মান ধরে রাখার যে সাফল্য অর্জিত হয়েছে তাতে চিড় ধরবে। এ পরিস্থিতির মোকাবিলায় রপ্তানির বদ্ধদ্বার দ্রুত খোলার উদ্যোগ নিতে হবে। অচল উৎপাদন ব্যবস্থা সচল করার ব্যাপারেও যত্নবান হওয়া জরুরি।





























