দুলাভাইয়ের হাতে শালা খুন
- Update Time : ০১:৪৪:৫৩ অপরাহ্ন, বুধবার, ৭ ফেব্রুয়ারি ২০২৪
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: সুনামগঞ্জের শান্তিগঞ্জে দোকানের কাস্টমার নিয়ে কাটাকাটির জেরে আপন দুলাভাইয়ের হাতে খুন হয়েছেন আলা-উদ্দিন (৫০)। নিহত আলা-উদ্দিন নায়নগর গ্রামের মৃত মনু মিয়ার ছেলে। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার পাথারিয়া ইউনিয়নের নায়নগর গ্রামে এ ঘটনা ঘটে।
আলা-উদ্দিনের বোনকে বিয়ে করে দুলাভাই কামাল মিয়া (৫২) ঘরজামাই হিসেবে শ্বশুরবাড়ি থাকতেন। পাশাপাশি দোকান দিয়ে তারা ব্যবসা করতেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১০ টার দিকে এক স্কুলছাত্রী কিছু একটা কিনতে আলাউদ্দিনের দোকানের সামনে দিয়ে কামালের দোকানে যায়। তখন আলাউদ্দিনকে উদ্দেশ্য করে কামাল প্রশ্ন করেন- তুমি আমার দোকানের কাস্টমার আটকানোর চেষ্টা করো কেন? এই নিয়ে দুজনের কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে কামাল তার দোকানে রাখা স্টিলের টুল দিয়ে আলাউদ্দিনের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।



















