দিরাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে কোটি টাকার মালামাল পুড়ে ছাই
- Update Time : ০৪:২৮:২৪ অপরাহ্ন, রবিবার, ২৫ জুলাই ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের দিরাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৮ টি দোকানের প্রায় কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। দোকানগুলোর আসবাবপত্র সাটারসহ সব পুড়েছে। পুড়ে যাওয়া দোকানের মধ্যে এমদাদিয়া লাইব্রেরি নামে একটি দোকান ছিল। অন্য দোকানের মতোই ওই লাইব্রেরির বইপুস্তকসহ যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়। তবে লাইব্রেরিতে রক্ষিত একাধিক পবিত্র কোরআন শরীফ অক্ষত রয়ে গেছে। শনিবার দিবাগত রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার রফিনগর ইউনিয়নের বাংলাবাজারে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বাজারের একটি কাপড়ের দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে। আগুন দেখে তাৎক্ষণিক বাজারের ব্যবসায়ী ও স্থানীয় লোকজন দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। সন্ধ্যা রাতে আগুন লাগায় কেউ হতাহত হননি। জানা যায়, অগ্নিকাণ্ডে লাইব্রেরিতে থাকা যাবতীয় জিনিসপত্রসহ ও মালামাল পুড়ে গেলেও শুধু অক্ষত ছিল কয়েকটি পবিত্র কোরআন শরীফ। আগুনে লাইব্রেরি পুড়ে প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দোকান মালিক মাওলানা এমদাদুল হক। একাধিক প্রত্যক্ষদর্শী জানান, আগুনে কোরআন শরীফের মলাট ও চারপাশ ক্ষতিগ্রস্ত হয়েছে। সাদা অংশ কিছুটা কালচে দাগ হয়েছে। কিন্তু কোরআন শরীফের হরফগুলোর কোনো ক্ষতি হয়নি। অক্ষত পাওয়া পবিত্র কোরআন শরীফগুলো দেখতে উৎসক জনতা ভিড় জমায়। অনেকেই ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের আইডি থেকে শেয়ার করে মহান আল্লাহর প্রশংসা করতে দেখা গেছে। পরে বাংলাবাজার জামে মসজিদের ইমাম মুফতি মাওলানা শিহাব উদ্দিনের পরামর্শে পবিত্র কোরআন শরীফগুলো বস্তাবন্দি করে মাটিচাপা দেওয়া হয়।




























