দক্ষিণ সুনামগঞ্জে বেড়ি বাঁধ পরিদর্শন করলেন হাজি আবুল কালাম
- Update Time : ০৬:৪৩:৩৭ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব শাহরিয়ার, দক্ষিণ সুনামগঞ্জ থেকে :: টানা বৃষ্টিপাতে সৃষ্ট জলাবদ্ধতায় ও নদী পানি বৃদ্ধিতে ডুবে যাওয়া হাওর এবং ক্ষতিগ্রস্থ বাঁধ পরিদর্শন করলেন সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি আবুল কালাম। শনিবার সকাল থেকে দিনব্যপী উপজেলার আক্তাপাড়া মিনাবাজার সংলগ্ন এলোঙ্গির লেওনি ভাঙ্গা, জামখলা হাওরের ধুপাখালি বাঁধ, জামখলার বাঁধ, শল্যাদাঁইড়, ফটইখাড়া বাঁধ, খাইহাওরের উপ প্রকল্প বাঁধ, রাঙামাটি, সিফতখালী, চাতলি, দূর্বাকান্দা, কোনাডুপি, পাখিমারা হাওরের চালদিঘা ও বীরগাঁও বাজারের সুইচ গেইটের ঝুঁকিপূর্ণ বাঁধ পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সাথে কথা বলেন।

এ সময় সরকারী এবং উপজেলা পরিষদের তরফ থেকে ক্ষতিগ্রস্ত ও স্বেচ্ছাশ্রমী কৃষকদের সহযোগিতার আশ্বাস দিয়ে বস্তা, খাবার জন্য চিড়া ও গুড় বিতরণ করেন তিনি। এছাড়াও বাঁধের বরাদ্দ দেড়িতে পাওয়ায় প্রকল্প বাস্তবায়ন কমিটির কাজ করতে সুবিধা হয় না উল্লেখ করে তিনি বলেন- হাওরের সবগুলা বাঁধই ঝুঁকির মধ্যে আছে। নভেম্বর ডিসেম্বরে বাঁধের জন্য বরাদ্দ পেলে কাজ করাতে অনেক সুবিধা হবে এবং জবাবদিহিরও একটা সুযোগ পাওয়া যাবে।
এ সময় তার সাথে ছিলেন- দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির উদ্দিন, পূর্ব বীরগাঁও ইউনিয়ন চেয়ারম্যান নূর কালাম, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক সেলিম রেজা, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক দিলদার হোসেন দিলীপ, দরগাপাশা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ছালেহ্ আহমদ চৌধুরি হিরা, উপজেলা সমবায় কর্মকর্তা মাসুক আহমদ, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক নিতিশ চন্দ্র বর্মন ও পূর্ব বীরগাঁও ইউনিয়ন পরিষদের ৪ নং দিদারুল ইসলাম দিদার প্রমূখ।





























