ডা. মোজাহারুল ইসলামের বদলীতে কৈতক এলাকায় মিষ্টি বিতরণ
- Update Time : ০১:৫৫:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জুলাই ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: ছাতকে কৈতক ২০ শয্যা হাসপাতালের আরএমও ডা. মোজাহারুল ইসলামের দূর্নীতি ও অনিয়মের অভিযোগে সোমবার দ্বিতীয় দফায় তদন্ত হয়েছে। তাহিরপুর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ আবু আহম্মদ শাফি’র নেতৃত্বে ৩ সদস্যের তদন্ত টিম সোমবার হাসপাতালে উপস্থিত হয়ে সরেজমিন তদন্ত করেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) বরাবরে মুক্তিযোদ্ধা সন্তান নুরুজ্জামানের দেয়া এক অভিযোগের প্রেক্ষিতে এ তদন্ত অনুষ্ঠিত হয়। এর আগে গত মঙ্গলবারও বিতর্কিত ডাক্তার মোজাহারুল ইসলামের ১০ বছরের দূর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে তদন্ত হয়েছে। তদন্ত শেষে তার বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় তদন্ত কমিটি তাকে বদলীর সুপারিশ করেছেন। এরই মধ্যে দক্ষিণ সুনামগঞ্জে বদলী করা হয়েছে বিতর্কিত এ ডাক্তার মোজাহারুল ইসলামকে। এদিকে কৈতক হাসপাতাল থেকে এ ডাক্তারের বিদায়ে সাধারণ মানুষ আনন্দ প্রকাশ করেছেন। এ ডাক্তারের কাছে এলাকার অসহায় গরীব মানুষ জিম্মি ছিলেন। ডাক্তারের বদলী হওয়ায় সোমবার এলাকায় উৎফুল্ল জনতা এবং কৈতক আলিফ যুব ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে মিষ্টি বিতরণ করা হয়েছে। তারা হাসপাতাল ও আশপাশ এলাকায় মিষ্টি বিতরণ করেছেন। এসময় উপস্থিত ছিলেন আলিফ যুব সমাজ কল্যাণ সংস্থার সভাপতি ফারুক আহমদ, সহ-সভাপতি শিহাব উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ ফজলুল হক, চেচান গ্রামের বাসিন্দা গোলাম আজম তালুকদার নেহার, সামসুন নূর, মুহিবুর রহমান তালুকদার টুনু, জাউয়া গ্রামের বাসিন্দা আবুল কালাম প্রমুখ।




























