জানুয়ারিতে ঢাকার দুই সিটিতে নির্বাচন
- Update Time : ০২:১২:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: আগামী জানুয়ারিতে একই দিনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরশনে ভোটগ্রহণ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. আলমগীর। রোববার (৩ নভেম্বর) দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। সচিব বলেন, নভেম্বরের ১৮ তারিখের পর যেকোনো দিন এ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। চলতি ভোটার তালিকা দিয়ে ইভিএমের মাধ্যমে এই দুই সিটিতে ভোটগ্রহণ করা হবে। আর যেহেতু এখনো সময় হয়নি তাই চট্টগ্রামের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। মার্চের শেষ বা তার পরে নতুন ভোটার তালিকার মাধ্যমে এ সিটিতে ভোট হবে। ঢাকার দুইসিটিতে জানুয়ারির মাঝামাঝি বা শেষের দিকে ভোটগ্রহণ করা হতে পারে বলেও জানান তিনি।
সিটি নির্বাচনে কোনো আইনি জটিলতা আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো আইনি জটিলতা আমরা এখনো দেখছি না। ইভিএমের মাধ্যমে দুই সিটি করপোরেশনের ভোটগ্রহণ চ্যালেঞ্জ মনে করছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, চ্যালেঞ্জতো বটেই। তবে আমরা এ নির্বাচন আয়োজনে সক্ষম। দল কোনো আপত্তি জানালে তখন কি করবেন জানতে চাইলে সচিব বলেন, এই বিষয়ে কমিশন সিদ্ধান্ত নেবেন।
সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা এ নির্বাচন আয়োজনের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের চিঠি পেয়েছি।





























