জমি নিয়ে বিরোধে ভাইয়ের হাতে ভাই খুন
- Update Time : ০৩:১১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: জমি নিয়ে বিরোধের জের ধরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছেন। নিহতের স্ত্রী স্বামীকে রক্ষা করতে আসলে তিনিও গুরুতর আহত হয়েছেন। বুধবার (২ নভেম্বর) রাত সাড়ে ১০টায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের উত্তর মাঝেরগাঁও গ্রামে এ ঘটনাটি ঘটেছে। স্থানীয়সূত্রে জানা যায়, বড় পুতুল সিংহের সাথে তার ছোট ভাই বিপিন সিংহের জমি নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলছিল। এর জের ঘটনারদিন তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে রাতে নিহতের ছোট ভাই বিপিন সিংহ ও তার ছেলে নিশি সিংহ পুতুল সিংহের বাড়িতে গিয়ে হামলা চালায়। বড় ভাইকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করার সময় নিহতের স্ত্রী লক্ষী রানী সিন্হা স্বামীকে বাঁচাতে এগিয়ে গেলে তাকেও কুপিয়ে জখম করা হয়। এ সময় এলাকাবাসী আসলে ঘটনাকারী বাবা ও ছেলে পালিয়ে যায়। মুমুর্ষ অবস্থায় স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে মৌলভীবাজার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বড় ভাই পুতুল সিংহকে মৃত ঘোষনা করেন। স্ত্রী লক্ষী রানী সিন্হার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হামলাকারীদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। তবে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

























