জমি ও রাস্তা নিয়ে পৃথক সংঘর্ষে নিহত ২, আহত ৪০
- Update Time : ০৭:১৫:৩৬ অপরাহ্ন, বুধবার, ২১ এপ্রিল ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: জমি ও রাস্তা নিয়ে বিরোধের জেরে পৃথক সংঘর্ষে দু’জন নিহত ও কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন। নিহতরা হলেন হবিগঞ্জের বানিয়াচং উপজেলা সদরের প্রথম রেখ গ্রামের হোসাইন আহমদ (৬০) ও চুনারুঘাট উপজেলার গোয়াছপুর গ্রামের পুতুল মিয়া (৪৫)।
জানাগেছে, বানিয়াচং উপজেলা সদরের প্রথম রেখ গ্রামের শেলু মিয়া এবং জাকির মিয়ার এক খণ্ড বাড়ির জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে বেশ কয়েকবার সালিশ-বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কিন্তু সমাধান হয়নি। ওই বিরোধের জেরে সোমবার (১৯ এপ্রিল) উভয়পক্ষের লোকদের মধ্যে সংঘর্ষ হয়। মঙ্গলবার দুপুরে ফের উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই হোসাইন আহমদ(৬০) মারা যান। এতে আরও ৩০ জন আহত হলে তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে চুনারুঘাট উপজেলার গোয়াছপুর গ্রামে পুকুরপাড়ের সড়ক নিয়ে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। সোমবার (১৯ এপ্রিল) রাতে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহত পুতুল মিয়া ওই গ্রামের আব্দুল আহাদ ওরফে সোনাই মিয়ার ছেলে। জানাগেছে, রোববার নিহতের চাচা মকসুদ আলীর সঙ্গে প্রতিবেশী লাল মিয়ার পুকুরপাড়ের সড়ক নিয়ে সংঘর্ষ বাঁধে। এতে ভাতিজা পুতুল মিয়াসহ ১০ জন আহত হন। গুরুতর আহত অবস্থায় পুতুলকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে তার অবস্থা সংকটাপন্ন হলে ঢাকায় নেয়ার পথে মাধবপুরে তিনি মারা যান।




























