জগন্নাথপুর পৌর যুবলীগ নেতার বাসায় চুরি হওয়া স্বর্ণালঙ্কারসহ চোর গ্রেফতার
- Update Time : ০২:২২:০৭ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
মো.শাহজাহান মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে পৌর যুবলীগ নেতার বাসায় দিন দুপুরে চুরির ঘটনা ঘটেছে। চুরি হওয়ার ২ ঘন্টার মধ্যে চুরি হওয়া স্বর্ণালঙ্কার সহ নিজাম উদ্দিন (২০) নামের এক চোরকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সে উপজেলার কলকলিয়া ইউনিয়নের বালিকান্দি গ্রামের নাসির উদ্দিনের ছেলে।
জানাযায়, ২৯ অক্টোবর মঙ্গলবার দুপুর প্রায় ১২ টার দিকে পৌর শহরের হাবিবনগর গ্রামের বাসিন্দা পৌর যুবলীগ নেতা সৈয়দ জিতু মিয়ার বাসায় চুরি হয়। বাড়িতে কেউ না থাকার সুযোগে চোর কৌশলে বাসায় ঢুকে ঘরে থাকা ৪ ভরি ওজনের স্বর্ণালঙ্কার ও নগদ ৩ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। এ খবর ছড়িয়ে পড়লে তাৎক্ষনিক জগন্নাথপুর থানা পুলিশ চোরকে ধরতে অভিযান চালায়। এক পর্যায়ে ঘটনার ২ ঘন্টা পর বেলা ২ টার দিকে জগন্নাথপুর বাজারে জুয়েলারি দোকানে স্বর্ণ বিক্রি করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ে চোর। উদ্ধার করা হয় স্বর্ণালঙ্কার ও টাকা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার এসআই লুৎফুর রহমান বলেন, চুরি যাওয়া স্বর্ণালঙ্কার সহ চোর নিজাম উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।





























