জগন্নাথপুরে সরকারি কাজে বাধা ও শ্রমিকদেরকে মারধরে দুইজন গ্রেফতার, ৭জনের বিরুদ্ধে মামলা
- Update Time : ১০:২৭:০৬ অপরাহ্ন, শনিবার, ৯ এপ্রিল ২০২২
- / ৩ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে রাস্তায় সরকারি কাজে বাধা প্রদান ও শ্রমিকদেরকে মারধরের ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে। উপজেলার ভবের বাজার- সৈয়দপুর- কাঠালখাইড়- গোয়ালাবাজার সড়কের সরকারি রাস্তার নির্মাণ কাজে বাধা ও শ্রমিকদেরকে মারধরের ঘটনায় উপজেলার আশারকান্দি ইউনিয়নের পূর্ব তিলক গ্রামের মৃত মারফত খাঁনের ছেলে বাবুল খান মুন্নাকে (৪০) প্রধান আসামী করে ৭জনের নাম উল্লেখ করে আরো কয়েকজনকে গং দিয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে। থানা পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার আশারকান্দি ইউনিয়নের জামালপুর গ্রামের শিপার মিয়ার ছেলে জুবায়েল আহমদ (২৩), জামালপুর গ্রামের মৃত ছয়ফর উল্লাহর ছেলে মোঃ জামাল মিয়া (২৫)। গ্রেফতারকৃতদেরকে আজ শনিবার দুপুরে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে। মামলার অভিযোগ থেকে জানাগেছে, উপজেলার ভবের বাজার- সৈয়দপুর- কাঠালখাইড়- গোয়ালাবাজার সড়কের সরকারি রাস্তার নির্মাণ কাজে চলিতেছে। কিন্তু বেশ কিছুদিন যাবৎ আশারকান্দি ইউনিয়নের পূর্ব তিলক গ্রামের মৃত মারফত খাঁনের ছেলে বাবুল খান মুন্নার প্ররোচনায় ও সহযোগিতায় উল্লেখিতগন সহ অজ্ঞাতনামা আরো ৭/৮ জন বিবাদীরা বিভিন্ন রকমের হুমকী দিয়ে সরকারি কাজে বাধা প্রদান সহ রাস্তার কাজের শ্রমিকদেরকে কাজ না করার জন্য নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করে। মামলার অভিযোগে আরো উল্লেখ করা হয় গত ৬ এপ্রিল দিবাগত রাত অনুমান ১১টা ৫০ মিনিটে অজ্ঞাতনামা কিছু লোক রাস্তার কাজের সাইটের নাইট গার্ড মোঃ রুমেল আহদকে মারধর করে জখম কর পালিয়ে যায়। অভিযোগে উল্লেখ করা হয় ৮ এপ্রিল শুক্রবার সকাল ১১টার দিকে ভবের বাজার- সৈয়দপুর- কাঠালখাইড়- গোয়ালাবাজার সড়কের পূর্ব তিলক নামক স্থানে মোঃ মিনহাজ খাঁন লেবু মিয়ার দোকানের সামনে মামলার প্রধান আসামী বাবুল খান মুন্নার নির্দেশে বাবুল খান মুন্নাসহ তার লোকজন শ্রমিকদের উপর হামলা চালিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। আহত শ্রমিকদের শোর-চিৎকারে আশপাশের লোক এগিয়ে এসে আহতদেরকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে গুরুতর জখম থাকায় চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। জগন্নাথপুর থানার সেকেন্ড অফিসার এসআই জিন্নাতুল ইসলাম তালুকদার সতত্য নিশ্চিত করে জনান, জগন্নাথপুরে রাস্তায় সরকারি কাজে বাধা প্রদান ও শ্রমিকদেরকে মারধরের ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে। এ ঘটনায় ৭জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করা হয়েছে। অন্যান্য আসামীদেরকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

























