জগন্নাথপুরে লকডাউনে দোকান খোলায় ১১জনকে জরিমানা
- Update Time : ০৩:১৯:০৯ অপরাহ্ন, সোমবার, ২৬ জুলাই ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে লকডাউন অমান্য করে দোকান খোলা রাখায় ১১ জনকে জরিমানা করা হয়েছে। আজ সোমবার (২৬ জুলাই) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপম দাস অনুপ-এর নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন। দেশজুড়ে সর্বাত্মক লকডাউন শুরুর আগে থেকেই ঘোষণা দেওয়া হয় এই সময়ে দোকানপাট খোলা রাখা যাবে না। এরপর করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের দেওয়া নির্দেশনা নিশ্চিত করতে উপজেলার রসুলগঞ্জ বাজার, মীরপুর বাজার, হাসপাতাল পয়েন্টে অভিযান পরিচালনা করা হয়। এসময় লকডাউন উপেক্ষা করে দোকান খোলা রাখার অপরাধে ১১ জনকে মোট ৬ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়। জানাগেছে, লকডাউন চলাকালে সবাইকে সরকারের দেওয়া বিধি-নিষেধগুলো মেনে চলার আহ্বান করা হচ্ছে। এরপরও যদি কেউ বা কোনও প্রতিষ্ঠান আইন অমান্য করে, তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




























