জগন্নাথপুরে মসজিদে মসজিদে জুমআর নামাজ আদায় : করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে বিশেষ মোনাজাত
- Update Time : ০৯:৩১:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: করোনাভাইরাসের কারণে মসজিদে নামাজ পড়ার ওপর বিধিনিষেধ তুলে নেয়ার পর সারাদেশের ন্যায় সুনামগঞ্জের জগন্নাথপুরে স্বাস্থ্যবিধি মেনে জুমার নামাজ মুসল্লিরা মসজিদে মসজিদে আদায় করেছেন। বিধিনিষেধ তুলে নেয়ার পর ধর্মমন্ত্রণালয় থেকে বেঁধে দেওয়া নির্দেশনা মেনে শারীরিক দূরত্ব বজায় রেখে উপজেলার বিভিন্ন জামে মসজিদে আজ শুক্রবার উন্মুক্ত পরিবেশে মুসল্লিরা মসজিদে গিয়ে জুমআ’র নামাজ আদায় করেন। মসজিদে জামাতে জুমআর নামাজ আদায়ের অনুমতি পেয়ে মুসল্লিরা অানন্দিত।
জুমআর নামাজে উপজেলার হযরত শাহ সৈয়দ শামসুদ্দিন (রহ.) দরগাহে জামে মসজিদে শায়খুল হাদিস ইমাম সৈয়দ আব্দুর রাজ্জাক শায়খে সৈয়দপুরী দেশ-বিদেশে মহামারি করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে বিশেষ মোনাজাত করেন। এছাড়াও উপজেলার মসজিদে মসজিদে বিশেষ মোনাজাত করা হয়।
বাংলাদেশ মানবাধিকার কমিশন জগন্নাথপুর উপজেলার সাধারণ সম্পাদক হাজি সোহেল আহমদ খান টুনু জগন্নাথপুর পত্রিকাকে জানান, মসজিদে মসজিদে জামাতে জুমআর নামাজ আদায়ের অনুমতি পাওয়ার পর যারা নিয়মিত মসজিদে জামাতে নামাজ আদায় করেন তারা সত্যিই অানন্দিত। সবাই স্বাস্থ্যবিধি মেনে উন্মুক্ত পরিবেশে মসজিদে জামাতে নামাজ আদায়ের এ পরিবেশ অব্যাহত থাকুক।





























