জগন্নাথপুরে পরকীয়ার বিষয়টি জেনে যাওয়ায় হত্যা, কবর থেকে লাশ উত্তোলন
- Update Time : ১০:৪০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ আগস্ট ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে দাফনের প্রায় এক মাস পর কবর থেকে তুহিন মিয়া (১৯) নামের এক কিশোরের মরদেহ উত্তোলন করা হয়েছে। সোমবার (৮ আগস্ট) আদালতের নির্দেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজেদুল ইসলামের উপস্থিতিতে জগন্নাথপুর পৌর এলাকার শেরপুর কবরস্থান থেকে তুহিন মিয়ার মরদেহ উত্তোলন করা হয়। সে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের প্রজাতপুর গ্রামের মোস্তফা মিয়ার ছেলে। জানা গেছে, ১৩ বছর পূূবে জগন্নাথপুর উপজেলার কবিরপুর গ্রামের মিলন মিয়ার সাথে নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের প্রজাতপুর গ্রামের মোস্তফা মিয়ার মেয়ে মমতা বেগমের বিয়ে হয়। সেই সুবাদে এক বছর আগে মোস্তফা মিয়া পরিবার নিয়ে মেয়ের বাড়ি কবিরপুরে বসবাস করেন। ১১ জুলাই রাত সাড়ে ৩টার দিকে ঘুমের মধ্যে তুহিন মিয়ার মৃত্যু হয়। পরদিন জ্বরের কারণে স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে তুহিনের দাফন করা হয়। ১৮ জুলাই তুহিনের বড় ভাই শামীম মিয়া বাদী হয়ে বোন জামাই মিলন মিয়াকে প্রধান করে ৪ জনের নামে আদালতে হত্যা মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে গত ২৫ জুলাই মামলাটি জগন্নাথপুর থানায় রুজু করা হয়। মামলার বাদী নিহত তুহিন মিয়ার ভাই শামীম মিয়া জানান, মিলনের ভাবির সাথে তার দীর্ঘদিনের অবৈধ সম্পর্কের পরকীয়ার বিষয়টি আমার ভাই তুহিন জেনে যাওয়ায় তাকে হত্যা করা হয়েছে। ঘটনার কয়েকদিন পর আমার আট বছরের ভাগ্নি (মমতার মেয়ে) আমাদেরকে বিষয়টি জানায়। পরে আদালতে মামলা করেছি। মামলার তদন্তকারী কর্মকর্তা থানার উপপরিদর্শক (এসআই) অলক দাশ বলেন, আদালতের নির্দেশে মরদেহ উত্তোলনের পর ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


























