জগন্নাথপুরে কোরবানির মাংস নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ৫০
- Update Time : ০১:৫৩:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ জুলাই ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: কোরবানির পশুর মাংস ভাগাভাগি নিয়ে সুনামগঞ্জের জগন্নাথপুর ও হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। সোমবার (১১ জুলাই) বিকেলে এ ঘটনা ঘটে। খবর পেয়ে জগন্নাথপুর ও নবীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানাগেছে, জগন্নাথপুর উপজেলার গোতগাঁও গ্রামের যুক্তরাজ্য প্রবাসী শাহীন মিয়া যুক্তরাজ্যের একটি দাতব্য সংস্থার মাধ্যমে গোতগাঁও গ্রামের একটি মাদ্রাসায় কোরবানির জন্য ৩৫টি গরু দেন। গরুগুলোর মাংস ভাগাভাগি নিয়ে জগন্নাথপুরের পাইলগাঁও ইউনিয়নের গোতগাঁও গ্রামের শামীম মিয়া ও নবীগঞ্জের উমরপুর গ্রামের আহসান মিয়াসহ দুই গ্রামের কয়েকজনের মধ্যে মতবিরোধ দেখা দেয়। একপর্যায়ে সোমবার বিকেলে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় গ্রামের অর্ধশতাধিক লোক আহত হন। আহত ব্যক্তিদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নবীগঞ্জ উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত জীবন মিয়া (১৭), সূর্য বেগম (৫৫), আলতাব উদ্দিন (৫৬), আবদুল মনাফ (২২), আবদুল খালিছ (৪০), আহসান উদ্দিন (৫০) ও আনাছ উদ্দিনকে (৪৫) সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


























