জগন্নাথপুরের অাপসানা ব্রিটেনে পবিত্র কোরআন ছুঁয়ে শপথ নিলেন
- Update Time : ০১:৩৮:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: ব্রিটিশ পার্লামেন্টে পবিত্র আল কোরআন ছুঁয়ে শপথ গ্রহণ করলেন প্রথম হিজাব পরিহিতা এমপি আপসানা বেগম। তিনি বুধবার (১৮ ডিসেম্বর) শপথ গ্রহণ করেছেন। ব্রিটিশ পার্লামেন্টের ৬৫০ জন এমপির মধ্যে অনেক মুসলিম সংসদ সদস্য থাকলেও এবারই প্রথম হিজাব পরিহিতা মুসলিম নারী হিসেবে হাউস অব কমন্সে যাচ্ছেন আপসানা।
আপসানা বেগমের দেশের বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকার ইনাতনগর গ্রামে। পুর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটসে বেড়ে উঠেছেন তিনি। তার বাবা মরহুম মনির উদ্দিন (ময়না) ছিলেন টাওয়ার হেমলেটসের সিরিমনিয়াল মেয়র। সদ্য অনুষ্ঠিত ব্রিটেনের জাতীয় নির্বাচনে লেবার পার্টির ভরাডুবি হলেও বাবার রাজনৈতিক আদর্শে অনুপ্রাণিত আপসানা বেগম নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ প্রার্থী শন ওককে প্রায় ২৯ হাজার ভোটের ব্যবধানে হারিয়েছেন।
পূর্ব লন্ডনের পপলার অ্যান্ড লাইমহাউস আসন থেকে তিনি প্রথমবারের মতো প্রার্থী হয়ে বিপুল ব্যবধানে জয়ী হয়ে ইতিহাস গড়লেন। যেখানে আপসানার ভোট ছিল ৩৮ হাজার ৬৬০ সেখানে কনজারভেটিভ প্রার্থী শন ওকের ঝুলিতে জমা পড়েছিল মাত্র ৯ হাজার ৭৫৬ ভোট।
প্রথমবারের মতো এমপি নির্বাচিত হওয়ায় আফসানা বেগমকে অান্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন দেশ-বিদেশের পাঠক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জগন্নাথপুর পত্রিকার সম্পাদক, বাংলালাদেশ মানবাধিকার কমিশন জগন্নাথপুর উপজেলার সাংগঠনিক সম্পাদক সাংবাদিক ইয়াকুব মিয়া।





























