জকিগঞ্জে ছাত্র মজলিসের বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিশ্ববিবেক সাড়া দাও কাশ্মীরের স্বাধীনতা ফিরিয়ে দাও
- Update Time : ০৮:৫০:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৪ আগস্ট ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
কাশ্মীরীদের কেড়ে নেয়া স্বাধিকার ও স্বাধীনতা ফিরিয়ে দেয়ার দাবীতে বিশ্বের সর্বত্র চলছে বিক্ষোভ- প্রতিবাদ। মুক্তিযুদ্ধের দেশ বাংলাদেশের সকল জনসাধারণ কাশ্মীরের স্বাধীনতাকামীদের পক্ষে সোচ্চার। তাই দেশের সীমান্তবর্তী জনপদ সিলেটের জকিগঞ্জে ইসলামী ছাত্র মজলিসের উদ্যোগে অনুষ্ঠিত হয় কাশমীরিদের সমর্থনে প্রতিবাদ সমাবেশ-বিক্ষোভ মিছিল।
সমাবেশে বক্তারা বলেন “ভু স্বর্গ কাশ্মীরের সৌন্দর্য, স্বর্গীয় পরিবেশ আর সেখানকার মুসলমানদের শান্তিময় জীবন ভারতীয় দাদাদের সহ্য হচ্ছে না সেই ৪৭ থেকেই। মানবতা, বিশ্ব বিবেক, জাতিসংঘ তথা সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলি দেখিয়ে ভারতের সংসদে কাশ্মীরের পৌনে একশত বছরের স্বায়ত্ব শাসন বাতিলের সিদ্ধান্ত নিঃসন্দেহে কাশ্মীরি জনগণের সাথে নির্মম রাষ্ট্রীয় সন্ত্রাস! ” ইসলামী ছাত্র মজলিস জকিগঞ্জ উপজেলা পশ্চিম শাখা কর্তৃক আয়োজিত এ সমাবেশে দখলদার ভারতের বিরুদ্ধে বিশ্ব বিবেককে জেগে উঠার আহবান জানানো হয়।
বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের সাবেক কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক অধ্যক্ষ মনজুরে মাওলা বলেন ” ভারত যাই বলুক না কেন, পেশী শক্তির জোরে এই অঞ্চল নিয়ে তার লাঠি ঘুরানোর মোটেই সুযোগ নেই। কোনোও বৈধতা নেই তার। মোদির কথায় নয়, জাতিসংঘে পাস হওয়া প্রস্তাব বাস্তবায়নের মাধ্যমেই কাশ্মীর সংকটের সমাধান করতে হবে। ১৯৪৮ সালের জাতিসংঘের প্রস্তাবনায় স্পষ্ট বলা হয়েছে যে, কাশ্মীরের জনগণের মতামতের ভিত্তিতেই সেখানকার সমস্যার সমাধান করতে হবে। অথচ ভারত জাতিসংঘের এই প্রস্তাবকে লঙ্ঘন করে অস্ত্রের বলে পুরো ভুস্বর্গ কাশ্মীরকে আজ অগ্নিময় জাহান্নামে পরিণত করেছে। বিগত দিনে লাখ লাখ কাশ্মীরীকে হত্যা করেছে ভারত। সেখানকার মুসলমানদের মানবাধিকার বলে কিছুই অবশিষ্ট রাখেনি। যুগ যুগ ধরে কাশ্মীরে ভারতীয় সেনা ও আধাসামরিক বাহিনী যে দমন-পীড়ন ও নির্দয় নিষ্ঠুরতা চালাচ্ছে, তা বর্ণনাতীত। কাশ্মীরী মুসলমানদের মানবাধিকার বলে কিছু বাকী রাখেনি। যখন তখন যাকে তাকে হত্যা, গ্রেফতার ও নির্যাতন চালিয়েছে। বর্তমানে মোবাইল, ইন্টারনেট সংযোগ বন্ধ করে সাংবাদিকদেরকে বের করে দিয়ে পুরো কাশ্মীরকে বিশ্ব থেকে আলাদা করে বর্বরতা চালাচ্ছে”।
তিনি বলেন, “অত্যাচার, নির্যাতন, কারফিউ, গণহত্যা, জেল-জুলুম ও শত রকমের দমন-পীড়ন চালিয়ে কাশ্মীরী জনগণের ‘আজাদী’ আন্দোলনকে ভারত দীর্ঘ ৭০ বছরেও এতটুকু স্তিমিত করতে পারেনি, পারবেও না, ইনশাআল্লাহ। তাই মুসলিম বিশ্বের নেতারাসহ বিশ্ব বিবেককে আজ মজলুম কাশ্মীরীদের পাশে দাঁড়াতে হবে।” জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে উপজেলা পশ্চিম শাখা সভাপতি মুহাম্মদ মুজিবুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি সাইফুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সংগঠনের সিলেট মহানগরীর সভাপতি ছাত্রনেতা আফজাল হুসাইন কামিল, সিলেট পূর্বজেলার সভাপতি মুহাম্মদ জারির হুসাইন, মৌলভিবাজার জেলা সভাপতি হাসান আহমদ খান। মিছিলপৃর্ব সমাবেশে আরো বক্তব্য রাখেন, সিলেট পূর্বজেলার সেক্রেটারী মোঃ নাঈম উদ্দিন তাপাদার, খেলাফত মজলিস লন্ডন বাংলাটাউন শাখার সাবেক সভাপতি কাজি মাওলানা ইমদাদুল হক সাকিব, ছাত্র মজলিস সিলেট মহানগরীর মাদ্রাসা বিভাগ সভাপতি মুয়াজ হোছাইন, ঢাকা মহানগর গেন্ডারিয়া থানা সভাপতি আহসান আহমদ খান, জকিগঞ্জ পূর্ব শাখার সভাপতি খালেদ আহমদ, পশ্চিম শাখার সাবেক সভাপতি আব্দুল হামিদ জালাল, এম সি কলেজ সেক্রেটারী ইমদাদুল হক ইমরান প্রমুখ। সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল কালিগঞ্জ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সোবহানিয়া মার্কেটের সামনে এসে সমাপ্ত হয়। বিজ্ঞপ্তি





























