ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ৭
- Update Time : ০৬:৩৪:১৬ অপরাহ্ন, শনিবার, ২৬ মার্চ ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: মহান স্বাধীনতা দিবস উদযাপনকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষে জড়িয়েছে কলেজ ছাত্রলীগের দুই গ্রুপ। এতে উভয় পক্ষের অন্তত ৭ জন আহত হয়েছে বলে গেছে জানাগেছে। আজ শনিবার (২৬ মার্চ) সকাল ১১টার দিকে চট্টগ্রামের হাজী মুহাম্মদ মহসিন কলেজের বিজ্ঞান ভবনের সামনে এ ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় আহতরা হলেন, তাহফিম (অনার্স ৪র্থ বর্ষ), সাকিব (বিএসএস ৩য় বর্ষ), মিজানুর রহমান (মাস্টার্স), রবি (অনার্স ৩য় বর্ষ), মেজবাহ (দ্বাদশ শ্রেণি), আরমান (বিবিএস ২য় বর্ষ)। পুলিশ জানিয়েছে, মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে কলেজের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক কাজী নাইম ও যুগ্ম আহ্বায়ক মিজানের পক্ষের নেতাকর্মীরা সকাল সাড়ে ১০টায় কর্তৃপক্ষের অনুমতিতে কলেজে আলোচনা অনুষ্ঠানে অংশ নেয়। অপরদিকে যুগ্ম আহ্বায়ক আনোয়ার পলাশ ও যুগ্ম আহ্বায়ক মায়মুন মামুন পক্ষের নেতাকর্মীরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে সকাল পৌনে ১১টার দিকে বিজ্ঞান ভবনে ওই আলোচনা সভায় অংশগ্রহণ করতে আসে। এসময় দু’পক্ষের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়। এরপর মারামারি ও ক্লাসরুমের গ্লাস ভাঙচুর করে তারা। পুলিশ আরও জানায়, কলেজ ক্যাম্পাসে থাকা চকবাজার থানা পুলিশ তৎক্ষণাৎ উভয় গ্রুপকে বিজ্ঞান ভবনের সামনে থেকে নিচে নামিয়ে দেয়। পরে আবারও উভয় গ্রুপ কলেজ শহীদ মিনারের সামনে মারামারিতে জড়িয়ে পড়লে তাৎক্ষণিক দক্ষিণ জোনের এডিসি ও এসি, চকবাজার থানার অফিসার ইনচার্জ কলেজ ক্যাম্পাসে এসে অতিরিক্ত পুলিশের সহায়তায় উভয়পক্ষকে সরিয়ে দিয়েছে। চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস জাহান বলেন, বর্তমানে কলেজের পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।



























