ছাতক পৌরসভার ৬ নং ওয়ার্ডে আবারো প্রার্থী হচ্ছেন বর্তমান কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন
- Update Time : ১২:৪৯:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: ছাতক পৌরসভা নির্বাচনে ৬ নং ওয়ার্ডে আবারো কাউন্সিলর পদে প্রার্থী হচ্ছেন বর্তমান কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন। তরুণ সমাজসেবক, ব্যবসায়ী ও দানশীল ব্যক্তিত্ব ৬ নং ওয়ার্ডে টানা দু’বার কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। শহরের বাগবাড়ী এলাকার মৃত হাজী আব্দুল ওয়াহিদের ৪র্থ পুত্র ও বিশিষ্ট দানশীল ব্যক্তিত্ব মরহুম হাজী আবুল মহসিন বটমিয়া (এমএলএ)’র ভাতিজা তিনি। তরুণ সমাজসেবক ও দানশীল ব্যক্তি জসিম উদ্দিন সুমেন বাগবাড়ী গ্রামের ঐতিহ্যবাহী পরিবারের সন্তান। এলাকার যেকোনো দূর্যোগে মানুষের পাশে এগিয়ে আসেন তিনি। করোনা মহামারী ও দফায় দফায় বন্যায় ঘরবন্দী ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে ছিলেন তিনি। অসহায় গরীবদের সাধ্যমতো সহযোগিতা করেছেন। করোনা ও বন্যার সময় ৬ নং ওয়ার্ডে কয়েকদফা ত্রাণ বিতরণ করেছেন তিনি। নগদ অর্থও বিতরণ করেছেন আব্দুল ওয়াহিদ কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে। তিনি আব্দুল ওয়াহিদ কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান। রোহিঙ্গা জনগোষ্ঠীর সহায়তায়ও কাজ করেছেন জসিম উদ্দিন সুমেন। ক্যাম্পে গিয়ে রোহিঙ্গা জনগোষ্ঠীর মধ্যে অর্থ বিতরণ করেছেন। ৬ নং ওয়ার্ডের বাসিন্দা এটিএম তারেক, কামরুল ইসলাম জাহেদ, খুরশেদ আলম ইলাদ, সুলেমান মিয়া, ফখরুল আলম, আব্দুল মুমিন মুন্সী, দিলোয়ার হোসেন, ইমন মিয়া, ইকবাল হোসেন, আলমগীর হোসেন খান, রেজাউল হকসহ লোকজন জানান, ৬ নং ওয়ার্ডের মানুষের আশা-ভরসা ও আস্থারস্থল হচ্ছেন কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন। ৬ নং ওয়ার্ডের একজন জনপ্রিয় জনপ্রতিনিধি হিসেবে তিনি পরিচিত।রাত-বিরাতে মানুষের যেকোনো দূর্যোগ ও দুঃসময়ে এগিয়ে আসা মানুষটি হচ্ছেন জসিম উদ্দিন সুমেন। বিগত বন্যার সময় ঝড়-বৃষ্টি উপেক্ষা করে মানুষের ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌছে দিয়েছেন তিনি। তারা আবারো জনস্বার্থে এ ওয়ার্ডে জসিম উদ্দিন সুমেনকে কাউন্সিলর নির্বাচিত করতে চান। বাগবাড়ী, কোর্টরোড, কলেজরোড, পশ্চিম বাজার, কানাখালি, রেলওয়ে স্টেশন ও রেলওয়ে কলোনি নিয়ে এ ওয়ার্ডের অবস্থান। বিগত নির্বাচনে এ ওয়ার্ডে ভোটার সংখ্যা ছিলো ৫ হাজার ৪’শ। আসন্ন নির্বাচনে ভোটসংখ্যা আরো ৩’শ বর্ধিত হতে পারে। ২০১১ সালের পৌর নির্বাচনে ১ হাজার ৮’শ ৭০ ভোট পেয়ে ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন জসিম উদ্দিন সুমেন। এ নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্ধী ৬’শ ভোট পেয়েছেন। ২০১৫ সালের নির্বাচনেও এ ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন তিনি। এ নির্বাচনে তিনি ভোট পেয়েছিলেন ১ হাজার ৭’শ ৩১ এবং নিকটতম প্রতিদ্বন্ধী পেয়েছিলেন ৯’শ ৩০ ভোট। কাউন্সিলর পদপ্রার্থী ৬ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন জানান, আসন্ন নির্বাচনেও তিনি প্রার্থী হচ্ছেন। এ ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণ তাকে ভালোবাসেন। ওয়ার্ডবাসীর সমর্থন ও ভালোবাসা নিয়েই তিনি আসন্ন নির্বাচনে প্রার্থী হচ্ছেন। ওয়ার্ডবাসীর কাঙ্খিত উন্নয়নের লক্ষ্য নিয়ে তার কার্যক্রম অব্যাহত থাকবে।





























