ছাতক আখড়া মার্কেটের একটি দোকান নিয়ে টালবাহানার অভিযোগ করলেন অভি দাস
- Update Time : ০২:২০:২১ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জুলাই ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: ছাতকে মহাপ্রভুর আখড়া মার্কেটের একটি দোকান ভাড়া দেয়ার কথাবার্তা সাব্যস্ত করেও দোকানটি অভি দাসকে বুঝিয়ে দেয়া হচ্ছেনা। প্রায় ৯ মাস আগে আখড়া কর্তৃপক্ষ দোকান বরাদ্দ দেয়ার নামে তার কাছ থেকে লিখিত আবেদন নেয়। দোকানের অগ্রিম বাবদ টাকা তাকে জোগাড় করার কথা বলেন আখড়া পরিচালনা কমিটির সেক্রেটারি তাপস কান্তি দত্ত চম্পু ও সাংগঠনিক সম্পাদক সৌরভ দাস। ৯ মাস ধরে ৪ লক্ষ টাকা জোগাড় করে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছেন অভি দাস। বর্তমানে নতুন একজনের সাথে দোকানের ডিড হয়েছে বলে তাকে জানানো হয়। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন অভি দাস। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকেও তিনি আখড়া পরিচালনা কমিটির সেক্রেটারি ও সাংগঠনিক সম্পাদকের সাথে দোকানকোঠা ডিডের বিষয়ে কথোপকথনের অডিও রেকর্ড পোস্ট করেছেন। অভি জানান, তাকে দোকানকোঠা বরাদ্দ দিতে ছাতকের ক’জন ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিদের সম্মুখে কথাবার্তা সাব্যস্ত হয়েছে। সভাপতি, সাংগঠনিক সম্পাদক তাকে দোকানকোঠা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন এমন একাধিক অডিও রেকর্ড তার কাছে আছে। এরপরও অদৃশ্য কারণে তাকে দোকানকোঠা বরাদ্দ দেয়া হচ্ছেনা। রানা কর আখড়া পরিচালনা কমিটির বর্তমান সহ-সভাপতি। তিনি ওই দোকানকোঠাটি দখলে নিয়েছেন। ওই মার্কেটে তার আরো দু’টি দোকানকোঠা রয়েছে। নিয়ম বহির্ভূত ভাবে রানা কর দোকানকোঠার দখলে রয়েছেন। যদিও আখড়া কমিটির গঠনতন্ত্রে একজন বা এক পরিবারকে একটি দোকানঘর বরাদ্দের কথা রয়েছে। কিন্তু পরিচালনা কমিটির সহ-সভাপতির দাপটে মার্কেটের ৩ টি দোকানকোঠা বরাদ্দ নিয়েছেন তিনি। ছাতক মহাপ্রভু আখড়া মার্কেটে রয়েছে ২৫ টি দোকানকোঠা। এর মধ্যে ১৭ নং দোকানকোঠাটি বরাদ্দ নিয়ে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করেছেন ফকিরটিলা এলাকার শৈলেন্দ্র দেবনাথ। তার ছেলে ক্যান্সার রোগে আক্রান্ত হওয়ায় নিয়মানুযায়ী দোকানকোঠা বুঝিয়ে দেন আখড়া পরিচালনা কমিটিকে। ওইসময় অভি দাসের কাছ থেকে দোকানকোঠা বরাদ্দ দেয়ার আবেদন গ্রহণ করে আখড়া পরিচালনা কমিটি। কিন্তু দোকানকোঠা বরাদ্দ নিয়ে এপর্যন্ত নানাধরণের টালবাহানা করে যাচ্ছে তারা। দ্রুত সময়ের মধ্যে আখড়া মার্কেটের ওই দোকানকোঠাটি নিয়মতান্ত্রিকভাবে তাকে বুঝিয়ে দেয়ার দাবি জানান তিনি।




























