ছাতকে মামার হাতে ভাগিনা খুন
- Update Time : ০৬:০৯:০৫ অপরাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জের ছাতকে সালিশ বৈঠকে হামলায় প্রাণ হারিয়েছেন সাদির হোসেন নামের এক যুবক । রবিবার (৩ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের বানায়ত- গ্রামে এ ঘটনা ঘটেছে । সাদির হোসেন (৩০) বানায়ত গ্রামের মনর আলীর পুত্র। হামলাকারীরা একই গ্রামের এবং সাদির হোসেনের নিকটাত্মীয় বলে জানাগেছে।
পুলিশ ও স্থানীয় একাধিক সুত্র জানায়,গ্রামের আবাছ আলীর পুত্র মনছব আলী এবং মনর আলীর পুত্র সাদির হোসেনের মধ্যে ২ বছর আগের একটি মামলার বিরোধ সংক্রান্ত বিষয় নিয়ে রাতে সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়।সাদির হোসেনের মামা হন মনছব আলী। মামা-ভাগিনার মধ্যের বিরোধের বিষয়ে সাদির হোসেন’র বাড়িতে সালিশ বৈঠক চলাকালে এ হামলার ঘটনা ঘটে।
রাতে সালিশ বৈঠকে ৪০ হাজার টাকা লেন-দেনের ঘটনা নিয়ে উভয় পক্ষের লোকজন উত্তেজিত হয়ে পড়েন।এক পর্যায়ে দু”পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হলে মনছব আলী সহ লোকজনের হামলায় আহত হয় সাদির হোসেন। গুরুতর আহত সাদির হোসেনকে রাতেই সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
সুনামগঞ্জের সহকারি পুলিশ সুপার (ছাতক সার্কেল) রনজয় চন্দ্র মল্লিক হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান,আসামিদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে। ময়না তদন্তের জন্য মরদেহ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।



















