ছাতকে বিএনপি নেতা মিলনের বাসায় মিজান চৌধুরী
- Update Time : ০৯:১০:৪৪ অপরাহ্ন, সোমবার, ১০ ডিসেম্বর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নির্বাচনী প্রচারের শুরুতেই সাবেক সাংসদ ও সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলনের বাসায় গিয়ে সাক্ষাৎ করেন সুনামগঞ্জ-৫ আসনে (ছাতক-দোয়ারাবাজার) বিএনপি, জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোটের সংসদ সদস্য প্রার্থী মিজানুর রহমান চৌধুরী।
এ সময় মিজানুর রহমান চৌধুরীকে দলের সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করে যেতে হবে বলে মন্তব্য করেন মিলন।
মিজানকে মিলন বলেন, ‘আমি একটু সুস্থ হয়ে গেলে আপনার পক্ষে কাজ শুরু করবো। সবাইকে মনে রাখতে হবে নির্বাচনে যাওয়া বিএনপির আন্দোলনের অংশ। ধানের শীষের বিজয় সুনিশ্চিত করে আমাদের নেত্রীকে মুক্ত করবো।’
সোমবার দুপুরে সিলেট শহরের হাওয়া পাড়াস্থ মিলনের বাসায় যান সংসদ সদস্য প্রার্থী মিজানুর রহমান চৌধুরী। এ সময় তার সাথে ছাতক উপজেলা বিএনপির আহ্বায়ক ও সুনামগঞ্জ জেলার সহ-সভাপতি ফারুক আহমদ, দোয়ারাবাজার উপজেলা চেয়ারম্যান ও বিএনপির সাবেক সভাপতি শাহজান মাস্টার, সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক নিজাম উদ্দিন, দোয়ারা বাজার উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মানিক মাস্টার, দুলার বাজার ইউনিয়ন বিএনপির সভাপতি ফয়জুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুুল মুমিন প্রমুখ উপস্থিত ছিলেন।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী জানিয়েছেন, নির্বাচনী প্রচারণার শুরুতে দলের সিনিয়র নেতা হিসেবে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন। নির্বাচনে ধানের শীষের বিজয় ছাড়া আর কোনো বিকল্প নেই-তাই নেতাকর্মীসমর্থক সবাইকে ধানের শীষের বিজয়ে ঝাঁপিয়ে পড়ার আহবান তার।
মিজানুর রহমান চৌধুরী ছাতক, দোয়ারাবাজারে ধানের শীষের প্রধান নির্বাচনী কার্যালয় ও জাউয়াবাজারে আঞ্চলিক নির্বাচনী কার্যালয় উদ্বোধনের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করবেন। প্রেস বিজ্ঞপ্তি





























