ছাতকে প্রথম করোনা ভ্যাকসিন নিলেন উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান
- Update Time : ০৬:১৬:৩০ অপরাহ্ন, রবিবার, ৭ ফেব্রুয়ারি ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমানকে ভ্যাকসিন দেয়ার মাধ্যমে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভাইরাসের টিকা দেওয়ার কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। রবিবার (৭ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড- ১৯ ভ্যাকসিন এর উদ্বোধন করা হয়। এসময় ভ্যাকসিন গ্রহণ করেন ছাতক উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুনুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজিব চক্রবর্তী, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) বিল্লাল হোসেন, ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ নাজিম উদ্দিন, ডাঃ শাহিন রেজা, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলীম, ছাতক থানার সেকেন্ড অফিসার হাবিবুর রহমান পিপিএম, সাংবাদিক মাহবুব আলমসহ পুলিশ, ডাক্তার, নার্স ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.রাজীব চক্রবর্তী জানান, আজ (রোববার) রেজিস্ট্রেশনকৃত ৬২জনকে ভ্যাকসিন দেয়ার কথা ছিলো। বিকেল ৩ টা পর্যন্ত রেজিস্ট্রেশনকৃত ৪০ জন ভ্যাকসিন গ্রহণ করেছেন। যাদের মধ্যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছেন। রেজিস্ট্রেশনকৃত ব্যক্তিদের প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত ভ্যাকসিন দেয়া হবে। উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুর রহমান বলেন, দেশে যখন করোনা ভাইরাস আসে তখনই মনে হয়েছে এটা একটা যুদ্ধ। সেই যুদ্ধে স্বাস্থ্যবিধি মেনে এতদিন ধরে অনেকটা জয়ী হয়ে আসতে পেরেছি। আজ ভ্যাকসিন গ্রহণের মাধ্যমে আরো আশাবাদী হলাম। ভ্যাকসিন গ্রহণে সকলকে উদ্যোগী হওয়ার আহবান জানান তিনি।





























