ছাতকে নৌকা ডুবিতে কিশোরের মৃত্যু
- Update Time : ০৩:৩১:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ আগস্ট ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: ছাতকে ডিঙি নৌকা নিয়ে হাওরে বেড়াতে গিয়ে নৌকা ডুবিতে আকাশ আহমদ (১৯) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার চেচান গ্রাম এলাকায় সাদার হাওরে এ ঘটনা ঘটে। নৌকা ডুবিতে মৃত আকাশ আহমদ দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের যুগিরগাও গ্রামের মুজিবুর রহমানের ছেলে। স্থানীয়রা জানায়, ছাতকের দক্ষিণ খুরমা ইউনিয়নের সেনপুর গ্রামে আলী হোসেন ও তার স্ত্রী নাসিমা বেগম দীর্ঘদিন ধরে ইউপি পরিষদ ভবনে বসবাস করে আসছে। গত রোববার রাতে আলী হোসেনের ছেলে হাসানের বন্ধু আকাশ আহমদ তাদের এখানে বেড়াতে আসে। সোমবার সকালে ডিঙি নৌকা নিয়ে সাদার হাওরে বেড়াতে যায় হাসান, আকাশ সহ ৫ জন। ওই সময় হঠাৎ করে ডিঙি নৌকাটি পানিতে তলিয়ে গেলে ৪ কিশোর সাঁতার কেটে হাওর পাড়ে চলে আসলেও সাঁতার না জানার কারণে আকাশ পানিতে ডুবে যায়। প্রায় ১ঘন্টা পর হাওরের পানিতে তার লাশ ভেসে উঠে। খবর পেয়ে জাউয়াবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাজ্জাদুর রহমান ও এসআই সুহেল রানা ঘটনাস্থলে গিয়ে কিশোর আকাশ আহমদের লাশ উদ্ধার করেন। এ ব্যাপারে ফাঁড়ির ইনচার্জ সাজ্জাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাওরে নৌকা ডুবিতে আকাশের মৃত্যু হয়েছে। দুপুরে তার লাশ বাবা-মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে।





























