ছাতকে অভিনব কায়দায় প্রবাসীর বাড়ীতে চুরি
- Update Time : ০২:৩৬:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১৩ জানুয়ারি ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: ছাতকে এক প্রবাসীর বাড়িতে অভিনব কায়দায় চুরির ঘটনা ঘটেছে। খাবারের সাথে চেতনা নাশক দ্রব্য মিশিয়ে পরিবারের লোকজনদের অচেতন করে চোরেরা নগদ টাকা, স্বর্ণালংকারসহ ৫ লক্ষাধিক টাকা মূল্যের মালামাল নিয়ে যায়। রোববার রাতে শহরের নোয়ারাই এলাকায় কাতার প্রবাসী মখবুল হোসেনের বাড়ীতে এ চুরির ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মখবুল হোসেনসহ তার পরিবারের লোকজন রাতের খাবার খেয়ে সবাই অসুস্থ হয়ে পড়ে। কয়েক মিনিটের মধ্যেই সবাই ঘুমিয়ে অচেতন হয়ে পড়েন। এ সুবাধে সংঘবদ্ধ চোরেরা প্রবাসীর ঘরে থাকা নগদ ২৬ হাজার টাকা, ৭ ভরি ওজনের স্বর্ণালংকারসহ ৫ লক্ষাধিক টাকা মূল্যের মালামাল চুরি করে নিয়ে যায়। খাবারের সাথে কোন ধরনের চেতনা নাশক দ্রব্য কৌশলে মেশানো হয়েছে বলে ধারনা করা হচ্ছে। অসুস্থ মখবুল হোসেন (৫০) ও শাখাওয়াত (৩০) কে প্রথমে ছাতক ও পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অসুস্থ আরো ২ মহিলাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। খবর পেয়ে সোমবার সকালে ছাতক থানার এসআই হাবিবুর রহমান পিপিএম ঘটনাস্থল পরিদর্শন করেন। ছাতক থানার অফিসার ইনচার্জ শেখ নাজিম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, থানায় অভিযোগ দেয়া হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।





























