ছাতকে অগ্নিকান্ডে কিশোরের মর্মান্তিক মৃত্যু: দাফন সম্পন্ন
- Update Time : ০৪:০২:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারি ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি :: ছাতকে অগ্নিকান্ডে সিদ্দেক মিয়া (১৭) নামের এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি বুধবার রাত দেড়টার দিকে উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের গনিপুর দক্ষিণ পাড়া গ্রামে ঘটেছে। সে পার্শ্ববর্তী সাদারাই গ্রামের সুনু মিয়ার পুত্র। বৃহস্পতিবার সকালে ছাতক (সার্কেল) বিল্লাল হোসেন ও থানার ওসি মোস্তফা কামাল ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে জাউয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই নির্মল লাশ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়া যান। ময়না তদন্ত শেষে বিকেলে লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হলে রাত ৮টায় দাফন সম্পন্ন হয়।
জানা যায়, সিদ্দেক মিয়া প্রায় মাস খানেক ধরে তারই মামা গনিপুর গ্রামের আখলুছ আলীর পুত্র সেবুল মিয়ার দোকানে কর্মচারী হিসেবে কাজ করে আসছিলেন। দোকানটি মামার বাড়ির পাশে থাকায় প্রতিদিনের মতো বুধবার রাতের খাবায় খেয়ে দোকানের ভেতরে ঘুমিয়ে পড়ে সে। রাত প্রায় দেড়টার দিকে হঠাৎ অগ্নিকান্ডে ভেরাইটিজ মালামালসহ দোকান পুড়ে যায়। সেই সাথে দোকানের ভেতরে ঘুমন্ত কিশোর সিদ্দেক মিয়াও পুড়ে গিয়ে ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয়। এদিকে রাতে আগুনের লেলিহান দেখে গ্রামের লোকজন আগুন নিয়ন্ত্রন করার চেষ্টা করেন। কিন্তু এর আগেই সব পুড়ে ভস্মিভূত হয়ে যায়। খবর পেয়ে রাতেই জাউয়া তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। জাউয়াবাজার ইউপি সদস্য কাজি রুমেল মিয়া বলেন, ময়না তদন্ত শেষে রাত ৮টায় লাশ দাফন সম্পন্ন হয়েছে। থানার ওসি মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দোকানের ভেতরেই অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে।





























