ছাতকের জাউয়াবাজারে ফ্রি সবজি বিতরণ সামাজিক দূরত্ব না মানায়, করোনা নিয়ে শংকা
- Update Time : ০৪:৪৮:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সামাজিক দূরত্ব বজায় রাখার ওপর সরকার সর্বোচ্চ গুরুত্ব দিলেও ত্রাণ নেয়ার জন্য মানুষের ভীড় থামছে না। অনেক জায়গায় ত্রাণের পরিমাণ নামমাত্র থাকলেও মানুষ জড়ো করে সংক্রমণের ঝুকি বাড়ানো হচ্ছে। সোমবার ছাতক উপজেলার জাউয়া বাজার এলাকায় প্রবাসী জসিম উদ্দিন ভূইঁয়ার পৃষ্টপোষকতায় আলো রক্তদান সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি সবজি বিতরণ করা হয়। সেখানে সবজি গ্রহণে সামাজিক দূরত্ব না মেনে নারী পুরুষের দীর্ঘ লাইন দেখা যায়। বিতরণের এই প্রক্রিয়ায় করোনা ভাইরাস সংক্রমণের শংকা বাড়াবে বলে মন্তব্য করছেন অনেকেই। জাহাঙ্গীর আলম নামের একজন জানান, লোক দেখানো দানের নামে এভাবে মানুষকে জমায়েত করে এলাকাবাসীকে করোনার ঝুকির সম্মুখীন করা মোটেও উচিত নয়। ইচ্ছে করলে বাড়িতে গিয়েও এসব সবজি দেয়া যেতো। আলো রক্তদান সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মুহিবুর রহমান সুহান জানান, ‘সামাজিক দূরত্ব বজায় রেখে ত্রাণ সহায়তা দিতে চেয়েছিলাম, এত মানুষের ভিড় সামলানো যায়নি। দাগ টানা হয়েছে, হ্যান্ড মাইকে বারবার ঘোষণা দেওয়া হয়েছে এতে কেউ সাড়া দেয় নি।আগামীতে তালিকা করে বাড়ি বাড়ি খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হবে।’এব্যাপারে ছাতক উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম কবির বলেন, ‘সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা ও অবস্থান করাই করোনা থেকে মুক্তির পথ। এভাবে ত্রাণ বা সবজি বিতরণ চললে আমাদেরকে চরম মূল্য দিতে হতে পারে। আগামীতে যদি কেউ ব্যাক্তিগত উদ্যোগে ত্রাণ বিতরণ করতে চান তাহলে প্রশাসনকে অবহিত করার জন্যও তিনি বলেন।





























