গাঁজাসহ দুই ছাত্র গ্রেফতার
- Update Time : ১০:৪২:১৩ অপরাহ্ন, বুধবার, ৩১ আগস্ট ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: ১ কেজি গাঁজাসহ দুই ছাত্রকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত ছাত্রদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সাভারের ডগরমোড়া চেকপোস্ট থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ওই দুই ছাত্রকে গ্রেফতার করা হয়। সাভার মডেল থানার পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন বলেন, নিয়মিত টহলের অংশ হিসেবে মঙ্গলবার সন্ধ্যায় কলমা চেকপোস্টে তাদের দুজনকে সন্দেহজনক মনে হলে তল্লাশি করা হয়। এ সময় তাদের কাছে ১ কেজি গাঁজা পাওয়া যায়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ মামলায় বুধবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এরা হলেন- বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ৪৭ ব্যাচের শিক্ষার্থী মেরাজ হাসান শিহাব ও চারুকলা বিভাগের ৪৭ ব্যাচের শিক্ষার্থী তৌকির হোসেন তপু। তারা উভয়েই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) আ স ম ফিরোজ-উল-হাসান বলেন, থানা থেকে রাতেই আমাকে ফোন করে জানানো হয়েছে। যেহেতু তাদেরকে বিশ্ববিদ্যালয় এলাকার বাইরে থেকে মাদকসহ গ্রেফতার করা হয়েছে সেক্ষেত্রে আমাদের কিছু বলার নেই। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে রাষ্ট্রীয় আইনে বিচার হবে।
























