খালেদা জিয়ার ন্যায়বিচার না পাওয়ার বিষয়টি পরিষ্কার হলো: রিজভী
- Update Time : ০৩:১৫:০২ অপরাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের প্রত্যক্ষ মদদেই খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এটা ন্যায়বিচারের পরিপন্থী ও ন্যক্কারজনক। আদালতে খালেদা জিয়া যে ন্যায়বিচার পাবেন না, এ গ্রেপ্তারি পরোয়ানা জারির পর তা আরও পরিষ্কার হলো। বৃহস্পতিবার বিকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাম দলগুলোর হরতাল থাকায় নিরাপত্তাজনিত কারণে বিএনপি চেয়ারপারসন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া আদালতে হাজির হতে না পারায় আবারও তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
তিনি বলেন, খালেদা জিয়ার আইনজীবীরা আদালতে হাজির হয়ে সময়ও চেয়েছিলেন। এমনকি হরতাল শেষ হওয়ার পর বেগম খালেদা জিয়া আদালতে আসতে চান বলে আইনজীবীরা আদালতে আবেদন করলেও তা নাকচ করে দিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
তিনি বলেন, আদালতে খালেদা জিয়া যে ন্যায়বিচার পাবেন না, এ গ্রেপ্তারি পরোয়ানা জারির পর তা আরো পরিষ্কার হলো। যেখানে প্রধান বিচারপতির নিরাপত্তা নেই, যেখানে জোর করে অসুস্থতার মিথ্যা কথা বলে ছুটিতে পাঠিয়ে দেশত্যাগে তাঁকে বাধ্য করা হয়, তারপর বিদেশে প্রধান বিচারপতির কাছে সরকারের লোকেরা গিয়ে হুমকি দিয়ে তাঁকে অবসর নিতে বাধ্য করা হয়, সেখানে বিরোধী রাজনৈতিক দলের প্রধান কীভাবে ন্যায়বিচার পাবেন?



















