জগন্নাথপুর পত্রিকা :: কালবৈশাখী ঝড়ে ১২টি গ্রামের ৫ শতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। মাঠের ফসল ও গাছপালার ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। বিপর্যস্ত হয়ে পড়েছে এলাকার বিদ্যুৎ ব্যবস্থা। অসহায় লোকজন এখন খোলা আকাশের নিচে অবস্থান করছেন।
খবর পেয়ে জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত গ্রামগুলো পরিদর্শন করেছেন। তাৎক্ষণিক সহায়তা হিসেবে প্রশাসনের পক্ষ থেকে শুক্রবার (২১ এপ্রিল) দুপুরে ৫ টন চাল বিতরণ করা হয়েছে। বিকেলে ক্ষতিগ্রস্তদের মধ্যে নগদ ৩ লাখ ৮০ হাজার টাকা ও ৬০ বান্ডিল ঢেউটিন বিতরণ করেছে প্রশাসন। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে বিভিন্ন স্থানে প্রচন্ড বৃষ্টি এবং ঝড় বইতে থাকে। রাত দেড়টার দিকে হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নে কালবৈশাখী আঘাত হানে। এতে সুকড়িপাড়া, শরীফপুর, বলবারচক, খালপাড়, এতবারপুর, উত্তর বড়চর, কালারচক, নিতাইর চক ও পূর্ব কাটাখালীসহ ১২টি গ্রামে ব্যাপক ক্ষতি সাধন হয়।
নিজামপুর ইউপি চেয়ারম্যান তাজ উদ্দিন জানান, ঝড়ে তার ইউনিয়নের মানুষের ঘর-বাড়ি এবং ফসলের অপূরণীয় ক্ষতি হয়েছে। ইউপি সদস্যরা ক্ষতিগ্রস্থদের তালিকা তৈরি করছেন।
হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম আজহারুল ইসলাম জানান, ক্ষতিগ্রস্থদের তাৎক্ষণিকভাবে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। এছাড়া বিকেলে বেশি ক্ষতিগ্রস্থদের ২ বান্ডিল ঢেউটিন ও ৬ হাজার টাকা প্রদান করা হয়। এছাড়া অন্যান্যদের ৫ হাজার ও ২ হাজার টাকা করে সহায়তা প্রদান করা হয়। পরবর্তীতে আরও সহায়তা প্রদান করা হবে বলে জানিয়েছে প্রশাসন।
০১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কালবৈশাখী ঝড়ে ৫ শতাধিক বাড়িঘর লণ্ডভণ্ড
- Update Time : ১০:৪৪:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২১ এপ্রিল ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে





























