ওসমানীনগরে মসজিদের কাঠাঁল নিয়ে সংঘর্ষে পাল্টা-পাল্টি মামলায় এলাকায় পুরুষ শুন্য
- Update Time : ০৩:২০:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের ওসমানীনগরে মসজিদের একটি কাঁঠালের নিলামকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ৪৫ জনকে আসামি করে থানায় পাল্টা-পাল্টি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকে এলাকায় পুরুষ শুন্য রয়েছে। শুক্রবার দুপুর আড়াইটার দিকে উপজেলার উমরপুর ইউনিয়নের কামালপুর বাইতুল মামুর জামে মসজিদে একটি কাঁঠালের নিলামকে কেন্দ্র করে মাওলানা সুয়েব আহমদ ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা কাওছার আহমদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে এ ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয় মসজিদ অঙ্গন ও আশপাশের এলাকা। দুটি পক্ষ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় ১৪ জন আহত হন। খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। এদিকে স্থানীয় ৮ ইউপি সদস্য ও স্থানীয় প্রবীণরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত সবাইকে সিলেটের এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে, শনিবার গভীর রাতে উভয় পক্ষ থানায় অভিযোগ দিলে পাল্টাপাল্টি মামলা দুটো রেকর্ড করা হয়। মাওলানা সুয়েবের পক্ষ থেকে মামলার বাদী হয়েছেন উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল আহমদ। এ মামলায় ১৩ জনের নাম উল্লেখ করে আরো ৭জনকে অজ্ঞাত রেখে আসামী করা হয়েছে। অন্যদিকে, কাওছার আহমদের পক্ষে মামলায় বাদী হয়েছেন সংঘর্ষে আহত আবু বকর সিদ্দিকীর ছেলে সাইফুল আলম। তার মামলায় মোট ২৫ জনকে আসামী করা হয়েছে। এর মধ্যে অজ্ঞাত ৮জন। মামলার পর থেকে উভয় পক্ষ এলাকা ছাড়া। পাশাপাশি মামলার অভিযুক্ত নন, এমন অনেকেও ভয়ে আত্মগোপন করেছেন। রোববার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিলেটের এডিশনাল এসপি (ওসমানীনগর সার্কেল) মো. রফিকুল ইসলাম। এ সময় ওসমানীনগর থানার ওসি শ্যামল বণিক, দুটি মামলার ইনভেস্টিগেশনের দায়িত্বে থাকা ওসি (তদন্ত) মাছুদুল আমিন ও এসআই স্বাধীন চন্দ্র তালুকদার তার সাথে ছিলেন।




























