ওসমানীনগরের ভাইস চেয়ারম্যানসহ বিএনপির ১০ নেতাকর্মী কারাগারে
- Update Time : ০১:১০:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের ওসমানীনগর থানা পুলিশ কর্তৃক দায়েরকৃত মামলায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক গয়াছ মিয়াসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের ১০ নেতা-কর্মীদের কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (২৫ নভেম্বর) দুপুরে সিলেট জেলা ও দায়রা জজ আদালতে নাশকতার মামলার অভিযুক্তরা হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালতের বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
কারাগারে যাওয়া অন্যান্যরা হচ্ছেন, উপজেলা যুবদলের আহবায়ক নজরুল ইসলাম ইসলাম, উসমানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মুক্তার হোসেন বকুল, বিএনপি নেতা সাদীপুর ইউপি সদস্য বখতিয়া হোসেন, বিএনপি নেতা জামাল চৌধুরী, ইমরুল চৌধুরী, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আহবাবুল হোসেন আহবাব, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রায়হান আহমদ, যুগ্ম আহবায়ক সাজ্জাদুর রহমান, জুয়েল আহমদ।
মামলা ও আদালত সূত্রে জানা গেছে, বিএনপির চেয়ারপারসন কারাবন্দী খালেদা জিয়ার মুক্তির দাবি নিয়ে সিলেট বিভাগীয় সম্মেলনকে কেন্দ্র করে নাশকতার অভিযোগে ওসমানীনগর থানা পুলিশ উপজেলা বিএনপির নেতাদের বিরুদ্ধে মামলাটি রুজু করে। সম্প্রতি ওই মামলায় ভাইস চেয়ারম্যান গয়াছ মিয়াসহ মামলার অনান্য অভিযুক্তরা হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের অর্ন্তবর্তীকালীন জামিন নেন। উচ্চ আদালতের অস্থায়ী জামিন শেষে সোমবার সিলেট জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালতের বিচারক তাদের জেলহাজতে প্রেরণের আদেশ প্রদান করেন।
আসামী পক্ষের আইনজীবী আনোয়ার হোসেন বলেন, নাশকতার অভিযোগে মামলায় বিএনপির ১০ নেতাকর্মীর জামিনের আবেদন করলে মাননীয় বিচারক কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। বিজ্ঞ নিম্ন আদালত থেকে মামলার নথি প্রাপ্তিসাপেক্ষে আগামী ধার্য্য তারিখে জামিন আবেদনটির শুনানির পর এ ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।





























