একনেকে অনুমোদন: এলাকার উন্নয়নে এমপিরা পাচ্ছেন ২০ কোটি টাকা
- Update Time : ০৫:০৭:৪৮ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: সংসদীয় আসনগুলোর অবকাঠামো উন্নয়নে সংসদ সদস্যদের (এমপি) জন্য ২০ কোটি টাকা করে বরাদ্দ দেওয়ার প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এর আওতায় আগামী চার বছরে প্রতিবছর ৫ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করতে পারবেন ২৮০ জন সংসদ সদস্য।
বিজ্ঞাপন ছয় হাজার ৪৭৬ কোটি ৬৫ লাখ টাকার এই প্রকল্পসহ মোট ১০টি প্রকল্প অনুমাদন দেওয়া হয়েছে একনেক বৈঠকে। এসব প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে ৯ হাজার ৪৬০ কোটি টাকা। পুরোটাই সরকারের নিজস্ব তহবিল থেকে ব্যয় করা হবে।
ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী এমপিদের জন্য ‘অগ্রাধিকারভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো প্রকল্প-৩’ শীর্ষক প্রকল্পটি বিশেষ গুরুত্ব দিয়ে অনুমোদন দিয়েছেন। এর কারণ প্রধানমন্ত্রী গ্রাম উন্নয়নকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। শহরের সুবিধা গ্রামে নিয়ে যেতে কাজ করছেন। এছাড়া এমপিরা যখন গ্রামে যান, সাধারণ জনগণ ব্রিজ-কালভার্ট নির্মাণ বা রাস্তা উন্নয়নের মতো নানা দাবি জানান। এই প্রকল্প সেসব প্রতিশ্রুতি পূরণে সহায়ক হবে। তবে প্রকল্পটির মানসম্মত বাস্তবায়নে বিশেষ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
একনেকে অনুমোদন বাকি ৯ প্রকল্প
বৃহত্তর পটুয়াখালী জেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প (৬৯১ কোটি ৮০ লাখ টাকা), জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি (দ্বিতীয় সংশোধিত) (৪০৯ কোটি টাকা),
মনু নদীর ভাঙন থেকে মৌলভীবাজার জেলা সদর, রাজনগর ও কুলাউড়া উপজেলা রক্ষা (৯৯৬ কোটি ২৮ লাখ টাকা), হাওর অঞ্চলে টেকসই পানি সরবরাহ, স্যানিটেশন ও হাইজিন ব্যবস্থার উন্নয়ন (৫৫৭ কোটি ৬২ লাখ টাকা), জামালপুর জেলা কারাগার নির্মাণ (২১০ কোটি টাকা), গুরুত্বপূর্ণ আঞ্চলিক মহাসড়ক যথাযথ মান প্রশস্ততায় উন্নীতকরণ (চট্টগ্রাম জোন, প্রথম সংশোধিত) (৬৯২ কোটি ৩৬ লাখ টাক), টেকেরহাট-গোপালগঞ্জ (হরিদাসপুর)-মোল্লাহাট (ঘোনাপারা) আঞ্চলিক মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ (৬১২ কোটি ৫৮ লাখ টাকা), বাংলাদেশ রেলওয়ের ১০০ মিটার গেজ যাত্রীবাহী ক্যারেজ পুর্নবাসন (দ্বিতীয় পর্যায়) (৭৪ কোটি ১২ লাখ টাকা) এবং বিএএফও বঙ্গবন্ধু কমপ্লেক্স নির্মাণ, যশোর (৩২১ কোটি টাকা)।
করোনায় এডিপি বাস্তবায়ন কমেছে
ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী জানান, চলতি অর্থবছরের জুলাই থেকে মে মাস পর্যন্ত সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তায়ন হয়েছে ৫৭ দশমিক ৩৭ শতাংশ। এসময় মন্ত্রণালয় ও বিভাগগুলো ব্যয় করতে পেরেছে ১ লাখ ১৫ হাজার ৪২১ কোটি টাকা। গত অর্থবছরের একই সময়ে বাস্তবায়ন হয়েছিল ৬৭ দশমিক ৯৭ শতাংশ। ওই সময় ব্যয় হয়েছিল ১ লাখ ২০ হাজার ৪৩ কোটি টাকা।
মন্ত্রী বলেন, এবছর কম অগ্রগতি হওয়ার কারণ সবারই জানা। কোভিড-১৯-এর কারণে প্রকল্প বাস্তবায়ন কম হয়েছে। তবে শেষ দিকে বিল পরিশোধের কারণে বেশি টাকা ব্যয় হয়েছে বলে জানান তিনি।





























