ইউপি মেম্বারের বিরুদ্ধে চেয়ারম্যানের স্বাক্ষর জালিয়াতি র অভিযোগ
- Update Time : ০৫:৫৮:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২ ফেব্রুয়ারি ২০২৪
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের মেম্বার তাজুল ইসলাম আয়জুলের বিরুদ্ধে ইউপি চেয়ারম্যানের স্বাক্ষর জালিয়াতির অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এখলাছুর রহমান উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে লিখিত অভিযোগ করেছেন। ঘটনাটি ঘটেছে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নে।
অভিযোগে ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এখলাছুর রহমান জানান, ইউপি মেম্বার তাজুল ইসলাম আয়জুল ইতিপূর্বে কয়েকবার তার স্বাক্ষর জালিয়াতি করেছেন। একাধিকবার মৌখিকভাবে সতর্ক করেও তাকে এই অন্যায় কাজ থেকে বিরত রাখা যাচ্ছে না। গত ১৮ জানুয়ারি ইউপি সদস্য তাজুল ইসলাম আয়জুল সমাজসেবা অফিসের ভাতাভোগী প্রতিস্থাপনের জন্য ৪টি মৃত্যুসনদে স্বাক্ষর জালিয়াতি করে জমা দেন। সমাজসেবা অফিস থেকে মৃত্যুসনদগুলো তার নিকট পাঠালে স্বাক্ষর জালিয়াতির বিষয়টি ধরা পড়ে।
ইউপি সদস্য তাজুল ইসলাম আয়জুল ইউপি চেয়ারম্যানের স্বাক্ষর জালিয়াতির অভিযোগ অস্বীকার করে বলেন, সমাজসেবা অফিস থেকে দ্রুত ভাতাভোগি প্রতিস্থাপনের কাগজপত্র পাঠাতে বলা হয়। ইউপি চেয়ারম্যানকে না পেয়ে তিনি চেয়ারম্যানের কলামেও নিজের স্বাক্ষর প্রদান করে তা জমা দিয়েছেন। এতে তিনি দুষের কিছু দেখছেন না।



















