স্পোর্টস ডেস্ক :: বৃষ্টি বাধায় শেষ পর্যন্ত পরিত্যক্ত হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাদশ (বিসিবি একাদশ) ও ডিউক অব নরফোক একাদশের মধ্যকার প্রস্তুতি ম্যাচটি। ৩৪৬ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে দুর্দান্ত সূচনা পায় ডিউক অব নরফোক। ব্যাট হাতে নরফোকের বিপক্ষে ব্যাটসম্যানরা রাজত্ব চালালেও সুবিধা করতে পারেনি টাইগার বোলাররা।
বাংলাদেশী বোলারদের পাত্তা না দিয়ে সাহসীভাবে ব্যাট চালাতে থাকে নরফোকের দুই উদ্বোধনী ব্যাটসম্যান। ১৮ ওভারে কোন উইকেট না হারিয়েই স্কোরবোর্ডে ১০১ রান যোগ করে ডিউক অব নরফোক। এরপর নেমে আসে বৃষ্টি। ভারী বৃষ্টিপাতের জন্য মাঠ খেলার অনুপযোগী হয়ে গেলে ফলহীন ভাবে শেষ পর্যন্ত ম্যাচটিকে পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হন ম্যাচ অফিশিয়ালরা।
এর আগে পশ্চিম সাসেক্সের অরুনদেল কাসল ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে স্বাগতিকদের বিপক্ষে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন মুশফিক। অধিনায়কের সিদ্ধান্ত যে ভুল ছিল না ক্রিজে নেমে তাঁর প্রমাণ দেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান ইমরুল কায়েস ও সৌম্য সরকার।





























