অনলাইন ডেস্ক :: শুক্রবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রীর দোয়া নিতে আসেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নবনির্বাচিত মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। এ সময় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘আপনার স্নেহ পেতে চাই, অন্য কিছু পাওয়ার ইচ্ছে নেই’।
গণভবনে সেলিনা হায়াৎ আইভী বলেন, নাসিক নির্বাচন প্রমাণ করে দিয়েছে শেখ হাসিনার অধীনে যে কোনো ধরনের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব।
আইভী বলেন, নেত্রী আমাকে নৌকা দিয়েছেন, নৌকার সম্মান রেখেছে নারায়ণগঞ্জবাসী। নেত্রীর প্রতি আবারো কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আগামী পাঁচ বছর এলাকার উন্নয়ন করতে চাই।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘নারায়ণগঞ্জবাসীর প্রতি আমার বিশ্বাস ও আস্থা ছিল, তারা ভোট দেওয়ার সুযোগ পেলে নৌকা মার্কায় ভোট দেবে এবং আইভীকে ভোট দেবে। এ জন্য তাদের আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।’
নারায়ণগঞ্জের আওয়ামী লীগের নেতা-কর্মীদের উদ্দেশ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আইভীকে জেতাতে যেভাবে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করেছেন, আগামীতেও একইভাবে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।’
বিএনপির বিচার বিভাগীয় তদন্তের দাবির বিষয়ে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বলেন, ‘তারা আজকে আর কোনো কথা খুঁজে পাচ্ছে না। কী যে বলবে! কোথায় কী আছে। কোথায় দেখলাম যেন, তারা বিচার বিভাগীয় তদন্ত চায়। যখন কিছু না পায়, তখন তো কিছু বলতে হবে। এখানে আমার একটা প্রশ্ন। বিএনপির জন্মই অবৈধভাবে ক্ষমতা দখলের মাধ্যমে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘নির্বাচন যে সুষ্ঠু করা যায়, সেটা আওয়ামী লীগ সরকার দেখিয়েছে। আওয়ামী লীগের আমলে প্রতিটি নির্বাচনই অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু হয়েছে। জনগণ যাকে ভোট দিয়েছে, তারাই জয়ী হয়েছে।’
আইভী আরো বলেন, গণতন্ত্র কাকে বলে, সেটা নারায়ণগঞ্জবাসী দেখিয়েছে। আমার কোনো চাওয়া-পাওয়া নেই। নারায়ণগঞ্জবাসীর একটা ব্রিজের দাবি করেছে। আশা করছি শিগগিরই ব্রিজের কাজ শুরু হবে। নির্বাচনে আওয়ামী লীগ,যুবলীগ ছাত্রলীগ নেতা-কর্মীরা অনেক কষ্ট করেছেন। এজন্য ধন্যবাদ। এছাড়া দেশবাসী অপেক্ষায় ছিল নারায়ণগঞ্জে কে জিতবে। আমি মিডিয়ার মাধ্যমে দেশবাসীকে ধন্যবাদ জানচ্ছি।
বৃহস্পতিবার নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন খানকে পরাজিত করেন আইভী। নির্বাচনে নৌকা প্রতীকে আইভী পেয়েছেন এক লাখ ৭৫ হাজার ৬১১ ভোট। আর সাখাওয়াত হোসেন খান ধানের শীষে পেয়েছেন ৯৬ হাজার ৪৪ ভোট।



















