অাখেরি মোনাজাতে মুসল্লিরা আমিন, আমিন ধ্বনিতে চোখের পানি ঝড়িয়ে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা
- Update Time : ০১:৫০:৩৯ অপরাহ্ন, শনিবার, ৩১ ডিসেম্বর ২০১৬
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
এম এ রহীম সিলেট থেকে :: সিলেটের ইতিহাসে তাবলীগ জামাতের সর্ববৃহৎ আয়োজন সিলেট জেলা ইজতেমা। এ সময় আগত লাখো মুসল্লির আমিন, আমিন ধ্বনিতে ইজতেমাস্থলসহ গোটা এলাকা প্রকম্পিত হয়। দেশ ও জাতির মঙ্গল এবং মুসলিম উম্মাহর শান্তি কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে চলতি বছরের ইজতেমার পরিসমাপ্তি ঘটে। এসময় ধর্মপ্রাণ লাখো মুসল্লিরা চোখের পানি ঝড়িয়ে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করেন।
শনিবার আখেরি মোনাজাতে দেশ বিদেশের ১০ থেকে ১২ লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলমানরা শরীক হন।
সকাল সাড়ে ১১টা থেকে ১২টা ১০মিনিট পর্যন্ত আখেরি মোনাজাত চলে।
মোনাজাতে আত্মশুদ্ধির মাধ্যমে দুনিয়া ও আখেরাতের কল্যাণ কামনা করা হয়। এসময় হাজার হাজার মুসল্লির আমিন আমিন ধ্বনিতে ইজতেমা ময়দান মুখরিত হয়ে ওঠে।
মোনাজাতে অংশ নিতে ভোর থেকেই ঠান্ডা উপেক্ষা করে লাখো মুসল্লি হেঁটে, বিভিন্ন যানবাহনে চড়ে ইজতেমাস্থলে সমবেত হন। বেলা বাড়ার সাথে সাথে পুরো এলাকা কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
ইজতেমা স্থলে পৌঁছাতে না পেরে অনেক মুসল্লি বাইপাস সড়ক, আশেপাশের রাস্তা ও গ্রামে অবস্থান নেন। এছাড়া বিপুলসংখ্যক নারী মুসল্লিও মোনাজাতে অংশ নিতে ইজতেমার আশপাশের বিভিন্ন স্থানে সকাল থেকেই অবস্থান নেন।
গত বৃহস্পতিবার ফজরের নামাজ পর আম বয়ানের মধ্য দিয়ে দক্ষিণ সুরমার লতিপুর-খিদিরপুর এলাকার মাঠে অনুষ্ঠিত এই ইজতেমায় নিজেদের আত্মশুদ্ধি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে দেশি-বিদেশি কয়েক লক্ষ মুসল্লির সমাগম ঘটে। শুধু তাই নয়; ইজতেমার ময়দানে জুমার নামাজ আদায় করতেও জনতার স্রোত মিশেছিল সেখানে।
ইজতেমায় তাওহীদ, রিসালাত, দাওয়াত, সালাত, জিকিরসহ ইসলামের বিভিন্ন বিষয়ে বয়ান হয়। তিনদিন ধরে মুসল্লিরা ইজতেমা ময়দানে অবস্থান করে এসব বয়ান শোনেন। ইজতেমা শেষে মুসল্লিরা বিভিন্ন গন্তব্যে যাবেন। সেখানে তাঁরা ইসলামের দাওয়াত দেবেন।
এদিকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ইজতেমা শেষ হয়েছে বলে জানিয়েছেন আগত মুসল্লিরা।



















