অপারেশন টেবিলে প্রসূতির মৃত্যু, সুস্থ আছে নবজাতক
- Update Time : ১২:৫১:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ আগস্ট ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: বেসরকারি হযরত শাহজালাল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে শিউলী রাণী ঘোষ (৩৩) নামে এক প্রসূতির মৃত্যু হয়েছে শরীয়তপুর জেলা সদরে। তবে জন্ম নেওয়া নবজাতকটি সুস্থ আছে বলে জানা গেছে। শিউলী রাণী নড়িয়া পৌরসভার ঘোষপাড়া গ্রামের পিন্টু ঘোষের স্ত্রী। বৃহস্পতিবার সকালে প্রসব বেদনা নিয়ে শিউলী হাসপাতালে ভর্তি হয়। দুপুর ১টার সময় সিজারের জন্য অপারেশন থিয়েটার (ওটি) কক্ষে রোগীকে নেওয়া হয়। সেখানে রোগীকে অবশ করেন শরীয়তপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুস সোবাহান এবং সিজার করেন শাহজালাল হাসপাতালের ডা. আফসানা আক্তার চৌধুরী। সিজার শেষে ওটির টেবিলে প্রসূতি মায়ের মৃত্যু হয়। তবে তার প্রসব করা পুত্রসন্তান সুস্থ আছে। ঘটনার পর থেকে ওই হাসপাতালের ডাক্তার, নার্স ও স্টাফরা আত্মগোপন করেছেন।

নিহতের আত্মীয় আতাউর রহমান ও স্থানীয় সূত্রে জানা যায়, সুস্থ অবস্থায় শিউলীকে হযরত শাহজালাল হাসপাতালে ভর্তি করেন তারা। সেখানকার ডাক্তার রোগীর সিজার প্রয়োজন বলে জানায়। ডাক্তার আরও জানায় যত তাড়াতাড়ি সম্ভব সিজার করা উত্তম। তখন ডাক্তারের পরামর্শে সিজারের সিদ্ধান্ত নেওয়া হয়। ডাক্তার রোগীকে ওটিতে নিয়ে যায়। দুপুর ১টার পরে জানায়, ওটি টেবিলে রোগীর মৃত্যু হয়েছে। আমাদের একজন আত্মীয় নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার বিকাশ ঘোষ। তার সঙ্গে শাহজালাল হাসপাতালের ডাক্তাররা পরামর্শ করেন। পরে বিকাশ ঘোষের কথামতো মৃত শিউলীকে বাড়ি নিয়ে যাই। রোগীকে অবশ করা ডাক্তার আব্দুস সোবাহান বলেন, রোগীর দেহের ওজন অনেক বেশি ছিল। তাছাড়া ১০ বছরের বিরতিতে এই বাচ্চা প্রসব করে। ওটিতে রোগীর প্রেশার ধীরে ধীরে কমতে থাকে। কোনোভাবেই রোগীর প্রেশার স্বাভাবিকে আনা সম্ভব হয়নি। একপর্যায়ে রোগীর মৃত্যু হয়। দুপুর ১টায় সরকারি দায়িত্বে অবহেলা করে বেসরকারি হাসপাতালে যাওয়ার বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি। গাইনি ডা. আফসানা আক্তার চৌধুরীর সঙ্গে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।



























