অগ্নিকান্ডে মাদ্রাসাসহ ২৭ ঘর পুড়ে ছাই
- Update Time : ০১:৪১:১১ অপরাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার আলীপুর গ্রামে। এতে ২৭টি বসতঘর ও একটি নূরানী মাদ্রাসা পুড়ে সম্পূর্ণরূপে ছাই হয়ে গেছে। শিশুরা আগুন নিয়ে খেলতে গিয়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা স্থানীয়দের। শুক্রবার বিকালে পৌর এলাকার মেডিকেল গেইটস্থ পিডিবির বিক্রয় ও বিতরণ বিভাগের পশ্চিমে আবদুল হক চৌকিদার বাড়িতে ও পার্শ্ববতী বখতিয়ার চৌধুরী কলোনীতে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ লক্ষাধিক টাকা হবে বলে অনুমান করা হচ্ছে। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে ওই এলাকায় হঠাৎ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চর্তুরদিকে ছড়িয়ে পড়ায় স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে এগিয়ে এলেও ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নির্বাপন কাজে লেগে পড়ে। ততক্ষণে আবদুল হক চৌকিদার বাড়ির ১২টি ও পার্শ্ববতী বখতিয়ার চৌধুরী কলোনীর ১৫টি বসতঘর এবং ১টি নূরানী মাদ্রাসা সর্ম্পূণরূপে ভস্মিভূত হয়। অগ্নিদূর্গতরা জানান, এ সময় তারা তাদের পরনের কাপড় ছাড়া আর কিছুই বের করতে পারেনি। এতে প্রায় ১০ লক্ষাধিক টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে বলে অনুমান করা হচ্ছে। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ নিরুপন করা না গেলেও ছোট ছেলেমেয়েরা আগুন নিয়ে খেলা করতে গিয়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে অগ্নিদূর্গত পরিবারের শতাধিক সদস্য খোলা আকাশের নিচে মানবেতর জীবন-যাপন করছে। হাটহাজারী ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার মো. জাকের হোসেন জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নির্বাপনের কাজ শুরু করে। তবে রাস্তা না থাকায় ঘটনাস্থলে পৌঁছুতে বেশ বেগ পেতে হয়েছে। বিকল্প পথে গিয়ে প্রায় এক ঘণ্টারও বেশি সময় লেগে যায় আগুন নিয়ন্ত্রণে আনতে।





























